আইএলও দিচ্ছে কর্মপরিবেশ নিরাপদ করার কর্মসূচি
দেশের তৈরি পোশাকশিল্প কারখানার নিরাপত্তাসহ শ্রমিকদের জন্য উন্নততর কর্মপরিবেশ নিশ্চিত করতে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) নতুন একটি কর্মসূচি চালু করতে যাচ্ছে।
সাড়ে তিন বছর মেয়াদি এই কর্মসূচিতে পোশাক কারখানা ভবনের নিরাপত্তা এবং শ্রমিক অধিকার ও শ্রম পরিস্থিতির উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হবে।
আজ মঙ্গলবার রাজধানীর রূপসী বাংলা হোটেলে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির ঘোষণা দেবেন আইএলওর উপমহাপরিচালক গিলবার্ট হুঙ্গবো। অর্থমন্ত্রী আবুল আল আবদুল মুহিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
মূলত ২০১২ সালে তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে শতাধিক শ্রমিক নিহত হওয়ার পরই বাংলাদেশের পোশাক কারখানার কর্মপরিবেশ নিয়ে বিশ্বব্যাপী নিন্দার ঝড় ওঠে। এর রেশ কাটতে না কাটতেই এ বছর এপ্রিলে রানা প্লাজা ধসে সহস্রাধিক শ্রমিকের প্রাণহানির ঘটনায় বিশ্বজুড়ে নিন্দা-সমালোচনা আরও ব্যাপক হয়ে ওঠে।
আন্তর্জাতিক চাপে বাংলাদেশ সরকার ও পোশাকশিল্প মালিকেরা কারখানার কর্মপরিবেশ নিরাপদ করার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন। বিদেশি ক্রেতারাও এই উদ্যোগে জড়িত হন।
আন্তর্জাতিকভাবে বাংলাদেশি পোশাক শ্রমিকদের সমর্থন দিতে এগিয়ে আসে আইএলও।