আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) গৃহীত সামুদ্রিক জাহাজ-সম্পর্কিত দুটি কনভেনশন অনুসমর্থন করবে বাংলাদেশ। কনভেনশন দুটি হচ্ছে সামুদ্রিক জাহাজে শ্রম কনভেনশন ২০০৬ (এমএলসি ২০০৬) এবং নাবিক পরিচয়পত্র কনভেনশন ২০০৩ (এসআইডি ২০০৩)।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয় থেকে গতকাল বুধবার আইএলও ঢাকা কার্যালয়কে এ কথা জানানো হয়েছে। তার আগে গত মঙ্গলবার রাজধানীর বিয়াম মিলনায়তনে এ বিষয়ে ত্রিপক্ষীয় এক সভা অনুষ্ঠিত হয়। দুই কনভেনশন অনুসমর্থনের অংশ হিসেবেই ওই সভা অনুষ্ঠিত হয়েছে বলে প্রথম আলোকে জানান শ্রমসচিব মিকাইল শিপার। এমএলসি ২০০৬ অনুসমর্থনের শেষ দিন ২০ আগস্ট। ফলে ২১ আগস্ট থেকে বাংলাদেশি জাহাজ আন্তর্জাতিক জলসীমায় প্রবেশে বাধাপ্রাপ্ত হওয়ার শঙ্কা রয়েছে।
উভয় কনভেনশনেই নাবিকদের অধিকার নিশ্চিতের কথা বলা হয়েছে। এগুলো হচ্ছে জাহাজে চাকরি করার সময় নাবিকদের চাকরির শর্ত, কর্মঘণ্টা ও বিশ্রাম, মজুরি, ছুটি, বাসস্থান, চিত্তবিনোদনের সুযোগ, খাদ্য, স্বাস্থ্য, পেশাগত ও সামাজিক নিরাপত্তা। কনভেনশন অনুযায়ী সমুদ্রযাত্রায় নিয়োজিত বাংলাদেশের পতাকাবাহী জাহাজে শ্রম প্রত্যয়নপত্র থাকা বাধ্যতামূলক। আইএলওর কোনো সদস্যরাষ্ট্র এমএলসি ২০০৬ কনভেনশন অনুসমর্থন করুক বা না করুক, আগামী ২১ আগস্ট থেকে তা কার্যকর হবে। তার পর থেকে বাংলাদেশসহ সব সদস্যরাষ্ট্রই তা মানতে বাধ্য। অন্যদিকে এসআইডি ২০০৩ অনুসমর্থন না করলে বাংলাদেশি নাবিকদের আন্তর্জাতিক মানসম্পন্ন জাহাজে চাকরি পেতে সমস্যা হবে। শ্রম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ঈদের পরে দুই কনভেনশন অনুসমর্থনের বিষয়টি মন্ত্রিসভায় উপস্থাপিত হবে।