ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের (আইএসপি) লাইসেন্স ফি আবার পরিবর্তনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। নতুন প্রস্তাবে আইএসপির বার্ষিক আয় ভাগাভাগির (রেভিনিউ শেয়ারিং) পরিমাণ বাড়ানোর কথাও বলা হয়েছে। বিটিআরসির সর্বশেষ কমিশন বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলাদেশে আইএসপি প্রতিষ্ঠানের লাইসেন্সকে ছয় ভাগে ভাগ করা হয়। এগুলো হলো নেশনওয়াইড, সেন্ট্রাল, জোনাল, ক্যাটাগরি এ, ক্যাটাগরি বি ও ক্যাটাগরি সি। নেশনওয়াইড আইএসপিগুলো সারা দেশে ইন্টারনেট সেবা দিতে পারে। অন্য শ্রেণির আইএসপিগুলো ইন্টারনেট সেবা দিয়ে থাকে বিটিআরসি নির্ধারিত বিভাগ ও অঞ্চল অনুযায়ী।
বিটিআরসির নতুন প্রস্তাবে নেশনওয়াইড আইএসপির লাইসেন্স ফি ১ লাখ টাকা থেকে বাড়িয়ে ১০ লাখ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। গত জুলাইয়ে তৈরি করা আগের প্রস্তাবে নেশনওয়াইড আইএসপির লাইসেন্স ফি বাড়িয়ে ২৫ লাখ টাকা নির্ধারণের সিদ্ধান্ত হয়েছিল।
লাইসেন্স ফি পরিবর্তনের ব্যাখ্যায় বলা হয়েছে, নেশনওয়াইড আইএসপির অধিকাংশ প্রতিষ্ঠান লোকসানে থাকায় তাদের লাইসেন্স ফি ১০ লাখ করা যেতে পারে। এ ছাড়া সেন্ট্রাল জোন আইএসপির লাইসেন্স ফি ৫ লাখ টাকা এবং জোনাল আইএসপির লাইসেন্স ফি ১ লাখ টাকা করার প্রস্তাব করা হয়েছে। বিটিআরসির আগের প্রস্তাবে সেন্ট্রাল জোন আইএসপির লাইসেন্স ফি ১৫ লাখ টাকা এবং জোনাল আইএসপির লাইসেন্স ফি ১০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছিল।
বিটিআরসির নতুন প্রস্তাব অনুযায়ী, আইএসপিরা ব্যবসা করে বছরে যা আয় করবে, তার ৫ শতাংশ অর্থ রেভিনিউ শেয়ারিং হিসেবে বিটিআরসিকে দিতে হবে। এ ছাড়া তাদের বার্ষিক আয়ের আরও ১ শতাংশ বিটিআরসির সামাজিক সুরক্ষা তহবিলে (এসওএফ) জমা দিতে হবে।
আইএসপিরা বলছে, নতুন সিদ্ধান্ত কার্যকর হলে বেড়ে যাবে গ্রাহক পর্যায়ে ইন্টারনেট ব্যয়। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সাধারণ সম্পাদক এমদাদুল হক প্রথম আলোকে বলেন, আগে যেখানে ১ লাখ টাকা ফি নেওয়া হতো, সেখানে ১০ লাখ টাকা নেওয়া অযৌক্তিক। যারা ইতিমধ্যে লাইসেন্স নিয়েছে, তারা কেন আবার লাইসেন্স নেবে? সরকার একদিকে বলছে, সবার কাছে সব এলাকায় কম মূল্যে ইন্টারনেট সেবা পৌঁছে দিতে হবে। অন্যদিকে তারাই নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।