আইওএসকোতে যাচ্ছেন বিএসইসির নির্বাহী পরিচালক
বিশ্বের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাগুলোর সংগঠন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশনসের (আইওএসকো) উপদেষ্টা পদে যোগ দিতে যাচ্ছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক ফরহাদ আহমেদ। ১৯ জানুয়ারি তিনি তাঁর নতুন কর্মস্থলে যোগ দেবেন বলে বিএসইসি জানিয়েছে।
প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে প্রথম বাংলাদেশি হিসেবে তিনি স্পেনের মাদ্রিদে অবস্থিত আইওএসকোর সদর দপ্তরে উচ্চ পদের জন্য নির্বাচিত হয়েছেন। তাঁর এ নিয়োগ প্রাপ্তি উপলক্ষে গতকাল মঙ্গলবার বিএসইসি এক সংবর্ধনার আয়োজন করে।
কমিশনের চেয়ারম্যান এম খায়রুল হোসেনের সভাপতিত্বে সংস্থাটির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় চার কমিশনারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় কমিশনের পক্ষ থেকে তাঁকে ক্রেস্ট ও ফুল দিয়েও শুভেচ্ছা জানানো হয়।
সভায় বলা হয়, আইওএসকোর উচ্চপদে দায়িত্ব পালনের মাধ্যমে ফরহাদ আহমেদ আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের ভাবমূর্তি বৃদ্ধিতে ভূমিকা রাখবেন।