আইওসকোর 'এ' শ্রেণীতে বিএসইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) আনুষ্ঠানিকভাবে অভিজাত বা ‘এ’ শ্রেণীভুক্ত করেছে দ্য ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশনস (আইওএসসিও বা আইওসকো)। আইওসকো বিএসইসির মান উন্নয়নের এই সিদ্ধান্ত কার্যকর করেছে গত সোমবার। আর বিএসইসি ও আইওসকোর ওয়েবসাইটে গতকাল মঙ্গলবার এই তথ্য জানানো হয়েছে। এর আগে গত শুক্রবার আইওসকো বিএসইসিকে ‘এ’ শ্রেণীভুক্ত করার ঘোষণা দেয়।
আইওসকোর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ভারত, অস্ট্রেলিয়া, ফ্রান্স, ব্রাজিল, মালয়েশিয়া, চীন, ডেনমার্ক, দুবাই, ইতালি, জাপানসহ বর্তমানে বিশ্বের ৯৯টি দেশের নিয়ন্ত্রক সংস্থা ‘এ’ শ্রেণীভুক্ত। এর ফলে বিশ্বের উন্নত দেশগুলোর নিয়ন্ত্রক সংস্থার কাতারে দাঁড়াল বাংলাদেশও।
প্রসঙ্গত, আইওসকো হলো বিশ্বের বিভিন্ন দেশের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাগুলোর সংগঠন।
এদিকে বিএসইসির গতকালের সভায় ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ বা আইসিবি পরিচালিত আটটি মেয়াদি (প্রথম থেকে অষ্টম) মিউচুয়াল ফান্ডের মেয়াদ আরও এক বছর বৃদ্ধির অনুমোদন দেওয়া হয়েছে। সভা শেষে বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিএসইসি জানিয়েছে, আটটি মিউচুয়াল ফান্ডের অবসায়ন বা রূপান্তরের মেয়াদ এক বছর বাড়িয়ে ২০১৪ সালের ৩১ ডিসেম্বর পর্ষদ করা হয়েছে।