আইওসকোর 'এ' শ্রেণীভুক্ত হতে যাচ্ছে বিএসইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা হিসেবে আন্তর্জাতিক পরিসরে ‘অভিজাত শ্রেণী’ভুক্ত হলো বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এর ফলে বিশ্বের উন্নত দেশগুলোর নিয়ন্ত্রক সংস্থার কাতারে দাঁড়াল বাংলাদেশও। গতকাল শনিবার আনুষ্ঠানিক এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিএসইসি এ তথ্য জানিয়েছে।
বিশ্বের বিভিন্ন দেশের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাসমূহের সংগঠন দি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশনস (আইওএসসিও বা আইওসকো) গত শুক্রবার রাতে বাংলাদেশকে অভিজাত শ্রেণীভুক্ত করেছে। এর ফলে আইওসকোতে বিএসইসির অবস্থান ‘বি’ শ্রেণী থেকে ‘এ’ শ্রেণীতে উন্নীত হবে। কিছু আনুষ্ঠানিকতা শেষে শিগগিরই মান উন্নয়নের এই ঘোষণা কার্যকর হবে বলে বিএসইসি জানিয়েছে।
বিএসইসির চেয়ারম্যান এম খায়রুল হোসেন সংবাদ সম্মেলনে এই অর্জনের কথা তুলে ধরেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সংস্থাটির কমিশনার হেলালউদ্দিন নিজামী, আরিফ খান ও আবদুস ছালাম সিকদার, নির্বাহী পরিচালক ফরহাদ আহমেদ, সাইফুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিএসইসি জানিয়েছে, অভিজাত শ্রেণীভুক্ত হওয়ার ফলে আন্তর্জাতিকভাবে বেশ কিছু সুবিধা পাবে বাংলাদেশ। এগুলোর মধ্যে রয়েছে এনফোর্সমেন্ট বা যেকোনো পদক্ষেপ কার্যকর করার ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা, আইওসকোর নেতৃস্থানীয় পদে নিয়োগ ও নির্বাচনের অধিকার, আইওসকোর নীতিনির্ধারণী কমিটিতে অন্তর্ভুক্তি, উন্নত দেশগুলোর নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে বিভিন্ন তথ্য আদান-প্রদান ইত্যাদি।
বিএসইসি সূত্র জানায়, বিএসইসির শ্রেণী পরিবর্তনের ক্ষেত্রে আইওসকোর অন্যতম চাহিদা ছিল সংস্থাটির আইনি ক্ষমতার পরিধি, সক্ষমতা ও গোপনীয়তা রক্ষায় আইনগত ভিত্তি। পাশাপাশি বিএসইসির বর্তমান কর্মকর্তাদের মতো সাবেক কর্মকর্তাদের বেলায় গোপন তথ্য ফাঁসের ক্ষেত্রে আইনি কোনো ব্যবস্থা রয়েছে কি না, এটিকে বেশ গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেয় আইওসকো। সংস্থাটির চাহিদার পরিপ্রেক্ষিতেই সংশোধিত
আইনে বিএসইসি সাবেক কর্মকর্তাদের মাধ্যমে তথ্য ফাঁস হলে সেটিকে শাস্তির আওতায় নিয়ে আসে।
আইওসকোর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বের ৯৮টি দেশের নিয়ন্ত্রক সংস্থা ‘এ’ শ্রেণীভুক্ত। বাংলাদেশ হবে এই তালিকার ৯৯তম সংস্থা।