আইডিআরএ চেয়ারম্যানের বিরুদ্ধে ১০ মামলা খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান এম শেফাক আহমেদের বিরুদ্ধে হওয়া ১৫ মামলার মধ্যে ১০টিই খারিজ হয়ে গেছে।শেফাক আহমেদের বিরুদ্ধে গত ১১ মার্চ একই দিনে মামলা হয় সাতটি। পটুয়াখালী, পাবনা, নওগাঁর পত্নীতলা, ঢাকার যাত্রাবাড়ী ও বগুড়ার শাহজাহানপুর থানায় হয় একটি করে মামলা। একই দিন বরিশাল আদালতে (সদর ও মুলাদী থানা) মামলা হয় দুটি।পরদিন ১২ মার্চ পটুয়াখালীতে আরেকটি এবং ঝালকাঠি, খুলনা, ভোলা ও ঢাকা ম্যাজিস্ট্রেট কোর্টে একটি করে মামলা হয়। এক সপ্তাহের ব্যবধানে ২০ মার্চ ঢাকার মতিঝিল থানায় একটি মামলা হয়। ৩০ মে ফরিদপুর আদালতে হয় সর্বশেষ মামলাটি। তবে সব মামলার আরজি প্রায় এক। তা হলো, বিদেশে লোক পাঠানোর নাম করে টাকা নিয়ে শেফাক আহমেদ লোক পাঠাচ্ছেন না, আবার টাকাও ফেরত দিচ্ছেন না।আইডিআরএ সূত্রে জানা গেছে, গত দুই মাসে ঢাকা ও বরিশালে দুটি করে এবং ভোলা, নওগাঁর পত্নীতলা, খুলনা, ঝালকাঠি, বগুড়ার শাহজাহানপুর ও ফরিদপুরে একটি করে অর্থাৎ মোট ১০টি মামলা খারিজ হয়েছে। শুনানি গ্রহণের পর অভিযোগের ভিত্তিহীনতার কারণে আদালত সেগুলো খারিজ করে দিয়েছেন।আইডিআরএ সূত্রে জানা গেছে, ঢাকা, চট্টগ্রাম ও পাবনায় একটি করে এবং পটুয়াখালীতে দুটি, অর্থাৎ পাঁচটি মামলা এখনো বাকি রয়েছে। শুনানি গ্রহণকালেই ১০ মামলা খারিজ হয়ে গেলেও চট্টগ্রামের মামলাটিতে নতুন করে সাক্ষ্য গ্রহণের তারিখ ঘোষণা করা হয়েছে আগামী বছরের ৬ জানুয়ারি।ভিত্তিহীনতার কারণে ১০টি মামলা খারিজ করে দেওয়ায় সন্তোষ প্রকাশ করেন আইডিআরএর চেয়ারম্যান শেফাক আহমেদ। প্রথম আলোকে তিনি বলেন, ‘দেশে সত্যিই ন্যায়বিচার রয়েছে। আশা করছি, বাকি মামলাগুলোও খারিজ হয়ে যাবে।’উল্লেখ্য, শেফাক আহমেদের বিরুদ্ধে এসব হয়রানির মামলা করায় মামলাবাজদের প্রতি আনুষ্ঠানিক নিন্দা জানিয়েছে বিমা কোম্পানির মালিকদের সংগঠন বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ)।