বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান এম. শেফাক আহমেদের বিরুদ্ধে হয়রানিমূলক ১৫টি মামলা পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানিই করিয়েছে।মামলাগুলো উদ্দেশ্যপ্রণোদিত, মিথ্যা ও বানোয়াট। কয়েকটি মামলার বাদীদের স্থায়ী ও বর্তমান ঠিকানা ভিত্তিহীন। কয়েকটি মামলার বাদী ও সাক্ষীরা পপুলার লাইফের সঙ্গে সরাসরি জড়িত। কোম্পানি কর্তৃপক্ষের প্রত্যক্ষ মদদে এগুলো করা হয়েছে।প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন একটি গোয়েন্দা সংস্থার বিশেষ তদন্ত প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। ‘আইডিআরএ চেয়ারম্যানের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে দায়েরকৃত মামলা’ শীর্ষক এ প্রতিবেদনের অনুলিপি সম্প্রতি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এবং আইনসচিবের কাছে পাঠানো হয়েছে। প্রতিবেদনে শেফাক আহমেদের বিরুদ্ধে থানায় দায়ের হওয়া ১৩টি মিথ্যে মামলার চূড়ান্ত প্রতিবেদন (ফাইনাল রিপোর্ট) দাখিলের সুপারিশ করা হয়েছে। অন্যদিকে আদালতে দায়ের হওয়া দুটি মিথ্যে মামলা নিষ্পত্তির জন্য সরকারি কৌঁসুলিদের নির্দেশ দেওয়ার সুপারিশ করা হয়েছে।প্রতিবেদনে আরও বলা হয়েছে, ‘আইডিআরএ চেয়ারম্যানের মতো গুরুত্বপূর্ণ পদে আসীন একজন সম্মানিত ব্যক্তির বিরুদ্ধে যারা মিথ্যে মামলা করিয়েছে এবং এ ক্ষেত্রে যাদের ব্যবহার করা হয়েছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার। যদি তা না করা হয়, তা হলে সরকারি সম্পদ লুণ্ঠনের বিরুদ্ধে যেসব সরকারি কর্মকর্তা সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করেন, জনস্বার্থে তাঁরা কোনো পদক্ষেপ নিতে নিরুৎসাহিত হবেন।’অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গত ১৫ এপ্রিল সদ্য বিদায়ী স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনকে শেফাক আহমেদের বিরুদ্ধে হওয়া মামলাগুলো কীভাবে হলো, তা খুঁজে বের করতে একটি চিঠি পাঠিয়েছিলেন। তার পরই প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন গোয়েন্দা সংস্থাটি এ প্রতিবেদন তৈরির কাজে হাত দেয়।জমি কেনার নাম করে কোম্পানির ১১৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে পপুলার লাইফের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও পরিচালকদের বিরুদ্ধে। গত ৭ মার্চ সাধারণ গ্রাহকদের এ অর্থ কোম্পানির তহবিলে কেন ফেরত দেওয়া হবে না—এই মর্মে কারণ দর্শাও নোটিশ দেয় আইডিআরএ। এর পর দিন থেকে মাত্র এক মাসের ব্যবধানে শেফাক আহমেদের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় মামলাগুলো করানো হয়।বিমা কোম্পানির মালিকদের সংগঠন বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ) এসব হয়রানিমূলক মামলার কারণে গত এপ্রিল মাসে পপুলার লাইফকে নিন্দা জানিয়েছে। উল্লেখ্য, এ বিষয়ে ‘পপুলার লাইফের জালিয়াতি: আইডিআরএ চেয়ারম্যানের বিরুদ্ধে হয়রানির ১৫টি মামলা’ শীর্ষক একটি প্রতিবেদন প্রথম আলোতে প্রকাশিত হয়। সরকারি তদন্ত প্রতিবেদনে বলা হয়, পপুলার লাইফের দেশব্যাপী শাখা রয়েছে। এরই সুযোগ নিয়েছে কোম্পানিটি। আইডিআরএর দাপ্তরিক নির্দেশে ক্ষুব্ধ হয়ে বিভিন্ন লোক দিয়ে কোম্পানিটি এ হীন পথ বেছে নিয়েছে। এতে আরও বলা হয়, মামলাগুলোর বাদী ও শেফাক আহমেদের আর্থসামাজিক অবস্থা ও পূর্বপরিচয়ের সম্ভাবনা বিবেচনায় তাদের পক্ষে স্বপ্রণোদিত হয়ে শেফাক আহমেদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করা অস্বাভাবিক। সুচিন্তিতভাবে ও কৌশলে শেফাক আহমেদের সরকারি পরিচয় গোপন রেখে একটি জায়গায় বসে এগুলো করানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়, মামলাগুলোর বাদীরা সন্দেহজনক চরিত্রের এবং কেউ কেউ রাজনৈতিকভাবে প্রভাবশালী। মামলার এজাহারে বাদীরা ক্ষতিগ্রস্ত হওয়ার কথা বললেও, তাদের পরবর্তী আচরণে তা মনে হয় না। ভবিষ্যতে মামলা চালিয়ে নেওয়ার কোনো ইচ্ছে বা প্রচেষ্টাও বাদীদের নেই।যেমন: মালয়েশিয়ায় লোক পাঠানোর জন্য আড়াই লাখ টাকা নিয়েছেন বলে শেফাক আহমেদের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেন বগুড়া জেলার শাহজাহানপুর থানার বেতগাড়ী গ্রামের সৈয়দ জামানের ছেলে আনোয়ারুল ইসলাম। গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে বলা হয়, ‘এই নাম-পরিচয় ভুয়া। অথচ থানার তদন্তকারী কর্মকর্তা আতাউর রহমান রহস্যজনক কারণে তড়িৎ গতিতে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।’আইডিআরএ চেয়ারম্যান শেফাক আহমেদ প্রথম আলোকে বলেন, পপুলারের এসব মামলায় তাঁকে অনেক হেনস্থা হতে হয়েছে। কাজ ফেলে রেখে দেশের প্রত্যন্ত জেলায় ছুটতে হয়েছে জামিনের জন্য। তিনি বলেন, ‘তারা হয়তো জানে না, তাদের জন্যই আমি কাজ করে যাচ্ছি। আর সাধারণ গ্রাহকদের স্বার্থ রক্ষা করাই আমার উদ্দেশ্য। এ থেকে পিছপা হব না।’