আইডিআরএর জনবল কাঠামো অনুমোদিত
চার বছর ঝুলে থাকার পর বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) জনবল-কাঠামো শেষ পর্যন্ত চূড়ান্তভাবে অনুমোদিত হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সম্প্রতি এ অনুমোদনের কথা জানিয়ে আইডিআরএর চেয়ারম্যান এম শেফাক আহমেদকে চিঠি পাঠিয়েছে। অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন, ২০১০ অনুযায়ী ২০১১ সালের জানুয়ারি থেকে একজন চেয়ারম্যান ও চারজন সদস্য নিয়ে যাত্রা শুরু করে আইডিআরএ। কিন্তু জনবল-কাঠামো না থাকায় সংস্থাটি কোনো লোক নিয়োগ করতে পারছিল না।
জানতে চাইলে আইডিআরএ চেয়ারম্যান এম শেফাক আহমেদ প্রথম আলোকে বলেন, ‘চিঠি পেয়েছি। এখন নিয়োগ-প্রক্রিয়া শুরুর উদ্যোগ নেব।’ দেরি হলেও জনবল-কাঠামোটি শেষ পর্যন্ত হয়েছে বলে সন্তোষ প্রকাশ করেন আইডিআরএর চেয়ারম্যান।
জনবল-কাঠামোতে চেয়ারম্যান ও সদস্যদের বাইরে মোট পদ করা হয়েছে ১৫৫টি। এর মধ্যে নির্বাহী পরিচালক ৪, পরিচালক ৭, উপপরিচালক ১৫, সহকারী পরিচালক ২৫ ও কর্মকর্তার পদ রয়েছে ২৮টি।
এ ছাড়া রয়েছে প্রোগ্রামার ১, নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর ১, চেয়ারম্যানের একান্ত সচিব ১, প্রোগ্রাম অপারেটর ৫, কম্পিউটার অপারেটর ১০, চেয়ারম্যান ও সদস্যদের সহকারী ৫, ডেটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর ২০, গাড়িচালক ১০, অফিস সহায়ক ২০, ক্লিনার ২ এবং ইলেকট্রিশিয়ানের ১টি পদ।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমোদিত জনবল-কাঠামোতে ১০ অতিরিক্ত পরিচালকের পদ থাকলেও অর্থ মন্ত্রণালয় তা একেবারেই বাদ দিয়েছে।
আইডিআরএ ১৯৫ জনবল-কাঠামোর একটি প্রস্তাব অনুমোদনের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়েছিল ২০১২ সালে। কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয় তা কেটে দিয়ে শুধু ৯৫ জনের কাঠামো অনুমোদন করে, যা তখন মেনে নেয়নি আইডিআরএ।
পরে ২০১৪ সালের জুলাইয়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ আবার ১৯৫ জনের অনুমোদন চায় এবং জনপ্রশাসন মন্ত্রণালয় তা অনুমোদনও করে। কিন্তু এবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ নামিয়ে আনে ১৫৫ পদে। আইডিআরএ অর্থ মন্ত্রণালয়েরই আওতাভুক্ত সংস্থা।
যথাসময়ে জনবল-কাঠামো অনুমোদিত না হওয়ায় অস্থায়ী ভিত্তিতে লোক নিয়োগ দিয়ে কাজ চালিয়ে আসছে সংস্থাটি। গত চার-পাঁচ বছরে এই অস্থায়ী লোকেরা বিমা খাতে অভিজ্ঞতাও অর্জন করেছেন। তারপরও এসব কর্মচারীর চাকরি টিকে থাকে কি না, সে ব্যাপারে নিশ্চিত নন কেউই।
সদ্য অনুমোদিত জনবল-কাঠামোতে কিছু অসংগতি রয়েছে বলে মন্ত্রণালয়ের কাছে ধরা পড়েছে। যেমন আইনানুযায়ী চেয়ারম্যান, সদস্য ও নির্বাহী পরিচালকেরা গাড়িসুবিধা ভোগ করবেন। কিন্তু অর্থ বিভাগ নির্বাহী পরিচালকদের এখনই গাড়ি দিতে রাজি নয়। আবার গাড়িচালক ১০ জন অনুমোদন করলেও গাড়ি অনুমোদন করেছে ৬টি।
এদিকে মোট ১৫৫ পদের মধ্যে ৫০ জনই হচ্ছেন অফিস সহায়ক, ডেটা এন্ট্রি অপারেটর, ড্রাইভার ইত্যাদি পদের। অথচ রাষ্ট্রায়ত্ত সাধারণ বীমা করপোরেশন ও জীবন বীমা করপোরেশনসহ ৭৭টি বেসরকারি বিমা কোম্পানির নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ।
বিমা কোম্পানির মালিকদের সংগঠন বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সভাপতি শেখ কবির হোসেন প্রথম আলোকে বলেন, শুভ সংবাদ যে জনবল-কাঠামোটি শেষ পর্যন্ত অনুমোদিত হয়েছে। এখন দরকার হচ্ছে নিয়োগ-প্রক্রিয়াটাও শেষ করা।
জানা গেছে, তিন বছর ধরে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগে আটকে রয়েছে আইডিআরএর কর্মচারী নিয়োগ বিধিমালা। এটি পাস না হলে আইডিআরএর পক্ষে কাউকে নিয়োগ দেওয়া কঠিন।
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. ইউনুসুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আশা করছি, আইডিআরএর কর্মচারী নিয়োগ বিধিমালাটি অল্প দিনের মধ্যেই পাস হয়ে যাবে।’