আইডিআরএর দুই সদস্য নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সদস্য পদে আরও দুজনকে নিয়োগ দিয়েছে সরকার। তাঁরা হলেন জুবের আহমেদ খান ও সুলতান-উল-আবেদীন মোল্লা।
প্রজ্ঞাপন পেয়ে দুজনই গতকাল মঙ্গলবার আইডিআরএতে যোগ দিয়েছেন। অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সুপারিশ অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয় তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয় তাঁদের।
আইডিআরএর সদস্য পদে যোগ দেওয়ার আগে সুলতান-উল-আবেদীন মোল্লা যুক্তরাজ্যভিত্তিক ক্ষুদ্রবিমা গবেষণা কেন্দ্রের (এমআইআরসি) বাংলাদেশে আবাসিক প্রতিনিধি ছিলেন। কয়েকটি জীবন বিমা কোম্পানিতে ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালনসহ ১৫ বছরেরও বেশি সময় তিনি বিমা খাতে কাজ করেছেন।
বিভিন্ন সাধারণ বিমা কোম্পানিতে (নন-লাইফ) চাকরির পর জুবের আহমেদ খান সর্বশেষ ছিলেন গ্রিন ডেল্টা ইনস্যুরেন্সের উপদেষ্টা।
এদিকে গতকালই আইডিআরএর ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়েছে সদস্য কুদ্দুস খানকে। তিনি ফজলুল করিমের স্থলাভিষিক্ত হয়েছেন। সদস্য হিসেবে ফজলুল করিমের মেয়াদ আছে আর এক মাস।
উল্লেখ্য, গত ২৫ ফেব্রুয়ারি সাবেক অতিরিক্ত সচিব কুদ্দুস খান আইডিআরএর সদস্য পদে নিয়োগ পান।