আইডিআরএর সদস্য জিয়াউল হকের পদত্যাগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সদস্য জিয়াউল হক মামুন পদত্যাগ করেছেন। অর্থমন্ত্রীর বরাবরে সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন। পদত্যাগপত্রে জিয়াউল হক মামুন আইডিআরএ চেয়ারম্যান এম শেফাক আহমেদের সঙ্গে তাঁর বনিবনা না হওয়ার কথা উল্লেখ করেছেন। তবে সূত্র জানায়, নিয়োগলাভের পর থেকে আইডিআরএর এই সদস্য চারবার বিদেশ সফর করেছেন। এর কোনো কোনোটিতে সরকারের অনুমোদন পর্যন্ত নেননি তিনি। অন্যদিকে, আইডিআরএর বাকি তিন সদস্য একবারও বিদেশ সফর করেননি। সূত্র জানায়, গত ৫ জুলাই জিয়াউল হক মামুন আবারও বিদেশ সফর করতে চাইলে তাতে অনুমোদন দেয়নি আইডিআরএ কর্তৃপক্ষ। যোগাযোগ করলে শেফাক আহমেদ প্রথম আলোকে বলেন, এ ব্যাপারে তিনি কোনো মন্তব্য করতে চান না। জিয়াউল হক মামুনের সঙ্গে মুঠোফোনে বারবার যোগাযোগ করেও তাঁকে পাওয়া যায়নি।