আইডিএ থেকে ৫০০ কোটি ডলার পেতে পারে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বব্যাংকের নমনীয় ঋণের সহযোগী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (আইডিএ) তার সদস্যদেশগুলোকে আগামী তিন বছরে সাড়ে সাত হাজার কোটি ডলার দেবে। ২০১৭ সালের জুলাই থেকে ২০২০ সালের জুন মাসের মধ্যে এ ঋণ দেওয়া হবে। ৭৫টি নিম্ন আয়ের দেশ আইডিএ থেকে সহজ শর্তে এ ঋণ নিতে পারবে।
ইন্দোনেশিয়ায় সম্প্রতি অনুষ্ঠিত আইডিএর দাতা দেশগুলোর সভায় আগামী তিন বছরের এ পরিকল্পনা অনুমোদিত হয়। বাংলাদেশ নিম্ন-মধ্যম আয়ের দেশ হলেও আপাতত আইডিএ থেকে ঋণ পাবে। বাংলাদেশ আলোচ্য সময়ে আইডিএ থেকে ৫০০ থেকে ৫৫০ কোটি ডলার ঋণ পেতে পারে বলে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (আইডিএ) সূত্রে জানা গেছে।
বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বসন্তকালীন যৌথ সভায় কোন দেশের জন্য কত পরিমাণ অর্থ বরাদ্দ থাকবে তা নির্ধারণ হবে। আগামী এপ্রিল মাসে সভা অনুষ্ঠিত হবে।
আইডিএ হলো সহজ শর্তের ঋণ উৎস। এ ঋণে সুদের হার শূন্য বা ১ শতাংশের কম। ২৫ থেকে ৪০ বছরের মধ্যে ঋণ পরিশোধ করতে হয়। আর গ্রেস পিরিয়ড ৫ থেকে ১০ বছর।