আইডিএলসি-ভিএসওর উদ্যোগে আদর্শ গ্রাম প্রকল্প
আইডিএলসি ফাইন্যান্স ও ভিএসও বাংলাদেশ একটি আদর্শ গ্রাম প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। রংপুর জেলার সদরপুর গ্রামে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।এ ব্যাপারে উভয় প্রতিষ্ঠান সম্প্রতি একটি সমঝোতা স্মারক সই করেছে। আইডিএলসির ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেইন ও বাংলাদেশে ভিএসওর কান্ট্রি ডিরেক্টর শাহানা হায়াত নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা স্মারকে সই করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ ব্যাংকের এসএমই ও বিশেষ কর্মসূচি বিভাগের মহাব্যবস্থাপক সুকোমল সিংহ চৌধুরী উপস্থিত ছিলেন।আইডিএলসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সমঝোতা স্মারক অনুযায়ী আইডিএলসি তার সামাজিক দায়িত্বশীলতা (সিএসআর) কার্যক্রমের আওতায় সদরপুর গ্রামের যুব সমাজের উন্নয়ন ও গ্রামবাসীর জীবিকা অর্জনে সহায়ক দীর্ঘমেয়াদি কর্মসূচি হাতে নেবে। এ ছাড়া প্রাথমিক স্বাস্থ্যসেবা সম্পর্কে সচেতনতা বাড়ানোসহ পরিবেশের উন্নয়নে নানা ধরনের কার্যক্রম পরিচালনা করবে।