আইডিএলসি-৫০ সূচক প্রবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড ‘আইডিএলসি-৫০’ নামে পুঁজিবাজারের জন্য একটি সূচক প্রবর্তন করেছে। এতে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত শেয়ার থেকে বাছাই করা ৫০টি শেয়ারের মূল্যমান প্রতিফলিত হবে।গতকাল ঢাকায় একটি হোটেলে এক অনুষ্ঠানে আইডিএলসি-৫০ সূচক প্রবর্তনের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন আইডিএলসির ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক আরিফ খান ও মার্চেন্ট ব্যাংকিং বিভাগের প্রধান মো. মনিরুজ্জামান এবং আলিফ অ্যাসেটস ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা তানিম নোমান সাত্তার ও পরিচালক মো. আজিমুল ইসলাম।আলিফ অ্যাসেটস ম্যানেজমেন্ট এই সূচক নির্ণয়ে সহযোগিতা প্রদান করছে। অনুষ্ঠানে জানানো হয়, এই সূচকটি হবে বাজার মূলধনের ওপর ভারিত্ব প্রদান করে ও তারল্য পরিস্থিতি সমন্বয় করে যাকে বলা হচ্ছে ‘ফ্লোট অ্যাডজাস্টেড মার্কেট ক্যাপিটালাইজেশন ওয়েটেড’ পদ্ধতি। নির্দিষ্ট কিছু নির্দেশক ও বৈশিষ্ট্য অনুসরণ করে এই সূচকে অন্তর্ভুক্তির জন্য শেয়ারগুলো বাছাই করা হয়েছে। তবে সূচকে অন্তর্ভুক্ত ৫০টি শেয়ার স্থায়ী নয়। বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে যেকোনো শেয়ার সূচক থেকে বাদ পড়তে পারে ও নতুন শেয়ার এখানে যুক্ত হতে পারে। চার সদস্যের একটি সূচক কমিটি নিয়মিত সূচকের বিভিন্ন দিক পর্যালোচনা করবে এবং প্রয়োজনে অন্তর্ভুক্ত শেয়ারে রদবদল করবে।তবে অনুষ্ঠানে স্পষ্টভাবে জানানো হয়, বাছাই করা এই সূচকের মাধ্যমে আইডিএলসি বা আলিফ অ্যাসেটস কোনোভাবেই বিনিয়োগকারীদের এসব শেয়ারে বিনিয়োগ করা বা না করার বিষয়ে কোনো পরামর্শ বা বার্তা দিচ্ছে না। বিশ্বের বিভিন্ন দেশেও এ ধরনের একাধিক বাজার ও মূল্যসূচক আছে উল্লেখ করে অনুষ্ঠানে আরও জানানো হয়, বাজারে নিয়মিত ও ভালোভাবে লেনদেন হয়—এমন প্রতিষ্ঠানের শেয়ারকেই এই সূচকে অন্তর্ভুক্তির জন্য বাছাই করা হয়েছে। বর্তমানে ডিএসই-২০ সূচক অনেক কমসংখ্যক শেয়ার নিয়ে গঠিত, যা যথেষ্ট প্রতিনিধিত্বমূলক নয়। আবার সার্বিক মূল্যসূচকে এমন সব শেয়ারও আছে, যেগুলো বাজারে সেভাবে লেনদেনও হয় না। অনুষ্ঠানে আরও জানানো হয়, আজ সোমবার থেকে আইডিএলসি-৫০ সূচক গণনা শুরু হবে। এর জন্য ভিত্তি ধরা হয়েছে চলতি বছরের ১ জানুয়ারিকে। আইডিএলসি ও আলিফ অ্যাসেটসের ওয়েবসাইটগুলোতে (www.idlc.com ও www.alif-amc.com) এই সূচক সম্পর্কে বিস্তারিত জানা যাবে। এ ছাড়া প্রতিদিনই গণমাধ্যমের কাছে দিন শেষে লেনদেনের ভিত্তিতে সূচকের অবস্থা জানিয়ে দেওয়া হবে।