বাংলাদেশের আইন অনুযায়ী নিজেদের কার্যক্রম চালাবে বলে জানিয়েছে অ্যাকর্ড অন ফায়ার অ্যান্ড বিল্ডিং সেফটি ইন বাংলাদেশ।
ইউরোপীয় ক্রেতাদের এই জোট গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে এ কথা বলেছে। একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সুপারিশকৃত সাসটেইনেবিলিটি কমপ্যাক্টের সঙ্গে সমন্বয় রেখে শ্রম আইন বাস্তবায়নের জন্য বাংলাদেশ সরকারকে আহ্বান জানিয়েছে অ্যাকর্ড।
বিবৃতিতে আরও বলা হয়, সদস্যভুক্ত পোশাক কারখানায় শ্রমিক ও মালিকপক্ষের সমন্বয়ে পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্যবিষয়ক কমিটির (ওএসএইচ) মতো গুরুত্বপূর্ণ আরেকটি কার্যক্রম শুরু করারও প্রস্তুতি নিচ্ছে অ্যাকর্ড। তবে গুরুত্বপূর্ণ এই কার্যক্রম আসলে কী, সেটি অবশ্য বিবৃতিতে উল্লেখ নেই।
অ্যাকর্ডের স্টিয়ারিং কমিটি বা পরিচালনা পর্ষদের সদস্যরা ২২ থেকে ২৪ জুন বাংলাদেশ সফর করেন। এরই মধ্যে ঢাকায় সদস্যরা কমিটির ত্রৈমাসিক বৈঠকে বসেন। গত মঙ্গলবার বিজিএমইএ ও বিকেএমইএর নেতাদের সঙ্গেও সভা করেন।
এর পরপরই অ্যাকর্ডের পক্ষ থেকে এই বিবৃতি দেওয়া হলো। এতে বলা হয়, পোশাক কারখানার কর্মপরিবেশ উন্নয়নে গৃহীত পদক্ষেপের যে অগ্রগতি হয়েছে, তা স্টিয়ারিং কমিটির নজরে এসেছে। পরিদর্শন শেষ হওয়া কারখানার সংস্কার প্রক্রিয়া ধীর গতিতে হচ্ছে, সেটি নিয়েও অ্যাকর্ড উদ্বিগ্ন।