আইন করে হরতাল বন্ধের দাবি
আইন করে হরতাল বন্ধের দাবিতে ১৫ এপ্রিল সারা দেশের সব মার্কেটের সামনে ক্ষুদ্র ব্যবসায়ীদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আহ্বান জানানো হয়েছে।গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আজিজ সুপার মার্কেটের সামনে ক্ষুদ্র ব্যবসায়ীদের নবগঠিত মোর্চা দেশ বাঁচাও—পেট বাঁচাও আন্দোলনের উদ্যোগে ব্যবসায়ীদের এক মতবিনিময় সভা থেকে এ আহ্বান জানানো হয়েছে। এ ছাড়া সভায় ১৯ এপ্রিল শুক্রবার শাহবাগ থেকে এলিফ্যান্ট রোড পর্যন্ত সব বিপণিবিতানের সামনে হরতালবিরোধী মানববন্ধন ও সমাবেশের ঘোষণা করা হয়েছে।সভায় দেশ বাঁচাও—পেট বাঁচাও আন্দোলনের আহ্বায়ক রবীন আহসান হরতাল বন্ধে আইন প্রণয়ন, আগামী নির্বাচনে সব দলকে নির্বাচনী ইশতেহারে হরতাল না করার অঙ্গীকার বাধ্যতামূলক করাসহ ক্ষুদ্র ব্যবসায়ীদের ছয় দফা দাবি তুলে ধরেন। তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি আর হরতাল না করার আহ্বান জানিয়ে বলেন, দেশের সব ক্ষুদ্র ব্যবসায়ী হরতালের বিরুদ্ধে মাঠে থাকবেন। প্রয়োজনে হরতাল প্রতিরোধে কাফনের কাপড় পরে মাঠে নামবেন।