আইন করে হরতাল বন্ধের দাবি দোকান মালিক সমিতির

আইন করে হরতাল-অবরোধ বন্ধ করার আহ্বান জানিয়েছেন দোকানমালিকেরা। চলমান রাজনৈতিক সংকট বন্ধ না হলে তাঁরা অনশনে যাওয়ারও ঘোষণা দিয়েছেন।
রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে গতকাল সোমবার প্রতিবাদী মানববন্ধন করে এমন আহ্বান জানান দোকানমালিকেরা। সারা দেশের দোকানমালিকদের সংগঠন বাংলাদেশ দোকান মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান মালিক সমিতি এ মানববন্ধনের আয়োজন করে।
গত ২৪ জানুয়ারি সংবাদ সম্মেলনের মাধ্যমে দোকানমালিকদের এ দুই সংগঠন দেশব্যাপী দোকানপাট বন্ধ রাখা, দুই নেত্রীর সঙ্গে সাক্ষাৎসহ সাত দফা কর্মসূচি ঘোষণা করে। এর একটি ছিল মানববন্ধন। তারই অংশ হিসেবে গতকাল মানববন্ধন করেন তাঁরা।
মানববন্ধনে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি এস এ কাদের বলেন, ব্যবসায়ী সমাজ শান্তিপ্রিয়। এক মাস ধরে চলা হরতাল-অবরোধে তাঁরা সর্বস্বান্ত হয়ে গেছেন। দেশের পরিস্থিতি স্বাভাবিক না হলে, রাজনৈতিক দলগুলো সমাধানে না এলে সারা দেশের কাঁচাবাজারসহ সব ধরনের দোকানপাট বন্ধ করে দেওয়া হবে। প্রয়োজনে দোকানমালিকেরা অনশন করবেন।
সংগঠনটির মহাসচিব মো. শাহ আলম খন্দকার বলেন, দেশের সহিংস রাজনৈতিক পরিস্থিতি ব্যবসায়ীদের রাস্তায় নামিয়ে দিয়েছে। হরতাল-অবরোধে ব্যবসা তো হচ্ছেই না, উল্টো কর্মচারীর পেছনে অনেক টাকা খরচ হচ্ছে। এই টাকা মালিকদের পকেট থেকে যাচ্ছে। খরচ মেটাতে দোকান মালিকেরা দেউলিয়া হয়ে যাচ্ছেন। তিনি প্রশ্ন রাখেন, ‘এভাবে চললে ব্যবসায়ী সমাজ শেষ হয়ে যাবে। তখন রাজনীতিবিদেরা কাদের নিয়ে রাজনীতি করবেন?’
মানববন্ধনে ঢাকা মহানগর দোকান মালিক সমিতির সভাপতি তৌফিক এহেসান বলেন, ‘আমরা দোকান খুলে বসে থাকি, কিন্তু অবরোধের কারণে ক্রেতারা আসছে না। এই হরতাল-অবরোধের মধ্যে পড়ে গোটা দেশের অর্থনীতি হুমকির মুখে পড়েছে।’
বিএনপির নেত্রীর প্রতি হরতাল-অবরোধ দ্রুত প্রত্যাহার করার আহ্বান জানান তৌফিক এহেসান। নইলে দোকানমালিকদের কঠোর কর্মসূচি দেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না বলে মন্তব্য করেন তিনি।
মানববন্ধনে মহানগর দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক কামাল হোসেনসহ অন্যান্য নেতা ও দোকান মালিকেরা উপস্থিত ছিলেন।