আইন না মানায় ফাইন ফুডসের ছয়জনকে জরিমানা
শেয়ারবাজারে তালিকাভুক্ত ফাইন ফুডসের শেয়ারের সঙ্গে যুক্ত থাকায় কোম্পানিটির চেয়ারম্যানসহ ছয় ব্যক্তিকে তিন কোটি ৩১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গত মঙ্গলবার বাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) এক নিয়মিত সভায় এই জরিমানা করা হয়।কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, কোম্পানিটির শেয়ার লেনদেনের ক্ষেত্রে সুবিধাভোগী ব্যবসা নিষিদ্ধকরণ বিধিমালা লঙ্ঘন করায় এর চেয়ারম্যান সুজিত সাহাকে ৫০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।এ ছাড়া চেয়ারম্যানের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের সুযোগ নিয়ে মূল্য সংবেদনশীল তথ্যের ভিত্তিতে শেয়ার লেনদেন করে লাভবান হওয়ায় অপর পাঁচ ব্যক্তিকে লাভের সমপরিমাণ টাকা জরিমানা করা হয়েছে। এঁদের মধ্যে জুতন সাহাকে ৪৪ লাখ টাকা, ক্ষমা সাহাকে এক কোটি ৮৫ লাখ টাকা, শিউলি সাহাকে ১৭ লাখ টাকা, জয়দেব কুমার সাহাকে ১০ লাখ টাকা ও শিপ্রা পালকে ২৫ লাখ টাকা জরিমানা করা হয়।