আইন ভঙ্গ করায় চার প্রতিষ্ঠানকে এসইসির জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিকিউরিটিজ-সংক্রান্ত আইন ভঙ্গ করায় তিনটি কোম্পানি ও একটি সিকিউরিটিজ হাউসকে জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। আজ মঙ্গলবার এসইসির নিয়মিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছরের ৩০ জুন শেষ হওয়া অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এসইসিতে দাখিল করতে ব্যর্থ হওয়ায় ইস্টার্ন কেবল লিমিটেডকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া ম্যাক এন্টারপ্রাইজ ও মেটালেক্স করপোরেশন লিমিটেডের গত ৩০ জুন শেষ হওয়া অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন দাখিল করতে ব্যর্থ হওয়ায় প্রতিষ্ঠান দুটির প্রত্যেক পরিচালককে পৃথকভাবে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।এদিকে মার্জিন রুল, ১৯৯৯ এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (স্টক-ডিলার, স্টক-ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধি) বিধিমালা, ২০০০-সংক্রান্ত আইন ভঙ্গ করে একজন বিনিয়োগকারীকে বেআইনি সুবিধা দেওয়ায় এনবিএল সিকিউরিটিজ লিমিটেডকে ১০ লাখ টাকা জরিমানা ধার্য করে কমিশন।