আইন ভঙ্গ করায় ১১ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ৪৯ লাখ টাকা জরিমানা

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির শেয়ার লেনদেনে আইন ভঙ্গ করায় ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৪৯ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
যেসব ব্যক্তিকে জরিমানা করা হয়েছে তাঁরা হলেন, আবদুর রহিম, বদরুন নেসা ও বুলবুল আহমেদ। আর জরিমানা করা প্রতিষ্ঠানগুলো হলো, নিউ ক্যাপিটাল ফাইন্যান্স অ্যান্ড কমার্স লিমিটেড, এম্পায়ার সিকিউরিটিজ হোল্ডিংস লিমিটেড, ইক্যুইটি ক্যাপিটাল লিমিটেড, এ আর কনসালটেশন লিমিটেড, নাহার আফরোজ ওমর আলী ফাউন্ডেশন, তাশরাত রায়াত অ্যাগ্রো এন্টারপ্রাইজ, ভিশন ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড ও প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।
আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, তালিকাভুক্ত ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেনে নিয়ম ভঙ্গ করায় তিন ব্যক্তি ও আট প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। অন্যদিকে রেকিট বেনকাইজারের শেয়ার লেনদেনে নিয়ম ভঙ্গ করায় আবদুর রহিমকে জরিমানা করা হয়ে।
ডিএসইর ওয়েবসাইটে আরও বলা হয় শেয়ার লেনদেনে নিয়ম ভঙ্গ করার দুই অভিযোগে আবদুর রহিমকে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া বদরুন নেসা ও বুলবুল আহমেদকে একটি করে অভিযোগে প্রত্যেকটিতে দুই লাখ করে মোট চার লাখ টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে নিউ ক্যাপিটাল ফাইন্যান্স অ্যান্ড কমার্স লিমিটেডকে দুই অভিযোগে চার লাখ টাকা, এম্পায়ার সিকিউরিটিজ হোল্ডিংস লিমিটেডকে দুই অভিযোগে চার লাখ টাকা, ইক্যুইটি ক্যাপিটাল লিমিটেডকে দুই অভিযোগে চার লাখ টাকা, এ আর কনসালটেশন লিমিটেডকে দুই অভিযোগে চার লাখ টাকা, নাহার আফরোজ ওমর আলী ফাউন্ডেশনকে এক অভিযোগে দুই লাখ টাকা, তাশরাত রায়াত অ্যাগ্রো এন্টারপ্রাইজকে এক অভিযোগে দুই লাখ টাকা, ভিশন ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডকে এক অভিযোগে চার লাখ টাকা ও প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডকে এক অভিযোগে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।