মোবাইল ব্যাংকিং সেবায় কোনো কোনো এজেন্ট শতাধিক ব্যক্তিগত হিসাব খুলে সেবা প্রদান করছে। এর মাধ্যমে তারা অবৈধভাবে সেবা প্রদান করছে। বাংলাদেশ ব্যাংক এক হাজার এজেন্টের কার্যক্রম পরিদর্শন করছে। এরপরই এ সেবার নীতিমালার বিষয়ে চিন্তাভাবনা করা হবে।
মোবাইল ব্যাংকিং সেবা নিয়ে আজ সোমবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস এম মনিরুজ্জামান, পেমেন্ট সিস্টেমস বিভাগের মহাব্যবস্থাপক লীলা রশিদ প্রমুখ।
শুভঙ্কর সাহা বলেন, অবাঞ্ছিত লেনদেন, এজেন্টদের মাধ্যমে লেনদেন ও নগদ অর্থ উত্তোলন কমাতে নীতিমালায় কিছু পরিবর্তন আনা হয়। দেশের অর্থনীতির স্বার্থেই এ পরিবর্তন আনা হয়।
সংবাদ সম্মেলনে এস এম মনিরুজ্জামান বলেন, মোবাইল ব্যাংকিং সেবা সুশৃঙ্খল রাখতেই বিভিন্ন সময়ে পরিবর্তন আনা হয়। দেশের বৃহত্তর অর্থনীতির স্বার্থেই পরিবর্তন আসে।
মোবাইল ব্যাংকিং সেবা বিকাশকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে পেমেন্ট সিস্টেমস বিভাগের মহাব্যবস্থাপক লীলা রশিদ বলেন, এ সেবায় অনুমোদন পাওয়া সবাইকে একই নিয়ম মেনে চলতে হয়। তবে শুধু মোবাইল ব্যাংকিং সেবায় মনোযোগ থাকায় বিকাশ এগিয়ে গেছে। বিদেশি বিনিয়োগও এসেছে বিকাশে। ব্যাংকগুলোর অনেক সেবার মধ্যে মোবাইল ব্যাংকিং একটি, এ কারণে ব্যাংকগুলো পেরে উঠছে না।
গত ১১ জানুয়ারি মোবাইল ব্যাংকিং সেবার লেনদেন সীমা কমিয়ে দেয় বাংলাদেশ ব্যাংক। বিকাশের মাধ্যমে প্রবাস আয়ের অর্থ বিতরণ হচ্ছে—এমন অভিযোগের পরই লেনদেন সীমা কমিয়ে দেয় কেন্দ্রীয় ব্যাংক।
আরও পড়ুন...
লেনদেনের সীমা কমল মোবাইল ব্যাংকিংয়ে