আইন মানেনি সিটি ও ন্যাশনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ধিত সময়ের মধ্যেও দি সিটি ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংক পরিচালনা পর্ষদে একক পরিবারের সদস্যসংখ্যা সর্বোচ্চ দুজনে নামিয়ে আনেনি; বরং তারা দাবি করেছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ (সংশোধিত ২০১৩)-এ পরিবারের যে সংজ্ঞা আছে, তাতে তাদের সদস্যসংখ্যা দুইয়ে নামিয়ে আনার প্রয়োজন নেই।
২০১৩ সালে ব্যাংক কোম্পানি আইন সংশোধনের পর বাংলাদেশ ব্যাংক চলতি বছরের ২২ জুলাই পর্যন্ত ব্যাংকের পরিচালনা পর্ষদে একক পরিবারের সদস্যসংখ্যা দুজনে নামিয়ে আনার সময় বেঁধে দিয়েছিল। কিন্তু চারটি ব্যাংক এ শর্ত অনুসরণ করেনি। কেন্দ্রীয় ব্যাংক নতুন করে সাত দিন সময় বেঁধে দেয়। নির্দেশনা পাওয়ার পর ওই দিনই ফার্স্ট সিকিউরিটি ব্যাংক তা অনুসরণ করে। বাকি তিনটি ব্যাংক প্রিমিয়ার, ন্যাশনাল ও সিটি ব্যাংক নতুন করে সময় বাড়ানোর আবেদন করলে তাদের ৩০ অক্টোবর পর্যন্ত সময় দেয় বাংলাদেশ ব্যাংক।
তবে শেষ দিন গতকাল বৃহস্পতিবারও নির্দেশনা পালন করেনি সিটি ও ন্যাশনাল ব্যাংক। অবশ্য প্রিমিয়ার ব্যাংক পর্ষদে একক পরিবারের পরিচালক সংখ্যা দুজনে নামিয়ে এনেছে।
সূত্র জানায়, উল্টো ব্যাংক দুটি আইনজীবীর মতামতসহ দাবি করেছে যে পর্ষদে তাদের পরিবারের সদস্যসংখ্যা দুজনে নামিয়ে আনার দরকার নেই। কেননা, পরিচালকেরা সবাই পৃথকভাবে ব্যবসা-বাণিজ্য করছেন।
সিটি ব্যাংকের পর্ষদে একই পরিবার থেকে পাঁচজন সদস্য রয়েছেন। এঁরা হলেন রুবেল আজিজ, আজিজ আল কায়সার, তাবাসসুম কায়সার, আজিজ আল মাহমুদ ও সাইয়েদা সায়রিন আজিজ। এ ছাড়া ব্যাংকটির সাবেক চেয়ারম্যান ও বর্তমান পরিচালক দীন মোহাম্মদের পরিবারের চারজন বর্তমানে পরিচালক রয়েছেন। অন্যদিকে ন্যাশনাল ব্যাংকে একই পরিবারের পাঁচ পরিচালক হলেন ব্যাংকের চেয়ারম্যান জয়নুল হক শিকদার, তাঁর স্ত্রী মনোয়ারা শিকদার, মেয়ে পারভিন হক শিকদার, ছেলে রিক হক শিকদার ও রোন হক শিকদার।