আইন লঙ্ঘনের দায়ে ৯ ব্রোকারেজ হাউসকে ১৫ লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিকিউরিটিজ আইন ভঙ্গের দায়ে দেশের দুই স্টক এক্সচেঞ্জের সদস্যভুক্ত নয়টি ব্রোকারেজ হাউসকে ১৫ লাখ টাকা জরিমানা করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। কমিশন যেসব প্রতিষ্ঠানকে জরিমানা করেছে সেগুলো হলো: আইল্যান্ড সিকিউরিটিজ, সালটা ক্যাপিটাল, এসোসিয়েটেড ক্যাপিটাল সিকিউরিটিজ, রিলায়েন্স সিকিউরিটিজ কনসালট্যান্ট, লঙ্কাবাংলা সিকিউরিটিজ, জিএমএফ সিকিউরিটিজ, পিএইচপি স্টকস এবং সিকিউরিটিজ, এবি সিকিউরিটিজ ও ইন্টারন্যাশনাল লিজিং সিকিউরিটিজ। কমিশনের গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত সভায় অপরাধভেদে এসব প্রতিষ্ঠানকে সর্বনিম্ন এক লাখ থেকে সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হয়। সভা শেষে এসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এ ছাড়া, সিকিউরিটিজ আইন ভঙ্গের দায়ে ডিএসইর সদস্যভুক্ত একটি ব্রোকারেজ হাউসের অনুমোদিত প্রতিনিধির সনদ বাতিল করা হয়। এসইসি জানিয়েছে, শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি কাশেম ড্রাইসেলের শেয়ার লেনদেনে সিকিউরিটিজ আইন লঙ্ঘনের কারণে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সদস্যভুক্ত ব্রোকারেজ হাউস আইল্যান্ড সিকিউরিটিজ, সালটা ক্যাপিটাল, এসোসিয়েটেড ক্যাপিটাল সিকিউরিটিজ, রিলায়েন্স সিকিউরিটিজ ও লঙ্কাবাংলা সিকিউরিটিজের প্রতিটিকে দুই লাখ টাকা করে মোট ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তালিকাভুক্ত কোম্পানি প্যারামাউন্ট ইনস্যুরেন্স ও গ্লোবাল ইনস্যুরেন্সের শেয়ার লেনদেনে আইন ভঙ্গ করায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্যভুক্ত ব্রোকারেজ হাউস জিএমএফ সিকিউরিটিজকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এর বাইরে ঋণসুবিধাবহির্ভূত শেয়ারে ঋণসুবিধা দেওয়ার দায়ে ইন্টারন্যাশনাল লিজিং সিকিউরিটিজকে দুই লাখ টাকা জরিমানা করেছে এসইসি। এ ছাড়া, গ্রাহকের বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাবে নির্ধারিত কোম্পানির শেয়ার না থাকা সত্ত্বেও ওই কোম্পানির শেয়ার বিক্রি করার (শর্ট সেল) দায়ে পিএইচপি স্টকস অ্যান্ড সিকিউরিটিজ এবং আগ্রাসী শেয়ার বিক্রির দায়ে এবি সিকিউরিটিজকে এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। এসইসি আরও জানিয়েছে, সিকিউরিটিজ আইন ভঙ্গের দায়ে ডিএসইর সদস্যভুক্ত ব্রোকারেজ হাউস নভেলি সিকিউরিটিজের অনুমোদিত প্রতিনিধি এস এম ফারুকের সনদ বাতিল করা হয়। তালিকাভুক্ত কোম্পানি সিঙ্গার বাংলাদেশের শেয়ারের মালিকানা নির্ধারণের জন্য ধার্য তারিখের (রেকর্ড ডেট) আগে নভেলি সিকিউরিটিজের একজন গ্রাহকের বিও হিসাব থেকে নিজ বিও হিসাবে শেয়ার স্থানান্তর করেন এস এম ফারুক। রেকর্ড ডেটের পর ওই শেয়ার আবারও গোপনে গ্রাহকের বিও হিসাবে স্থানান্তর করে দেওয়া হয়। এতে করে ওই গ্রাহক রেকর্ড ডেটের সুবিধা থেকে বঞ্চিত হন। নিয়ম অনুযায়ী, তালিকাভুক্ত কোনো কোম্পানি যখন বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ বা অন্যান্য কোনো সুবিধা ঘোষণা করে, তখন সেটির সুবিধাভোগী বা মালিকানা নির্ধারণের জন্য রেকর্ড ডেট ঘোষণা করা হয়। ওই রেকর্ড ডেটের দিনে যাঁর বিও হিসাবে সংশ্লিষ্ট কোম্পানির শেয়ার থাকবে, তিনিই ওই সুবিধা পাবেন বলে বিবেচিত হন। কিন্তু এস এম ফারুক রেকর্ড ডেটের আগে গোপনে গ্রাহক হিসাব থেকে নিজের হিসাবে শেয়ার স্থানান্তরের ফলে গ্রাহকের পরিবর্তে তিনি নিজেই সুবিধা নিয়েছেন। অথচ ওই শেয়ারে তাঁর নিজের কোনো বিনিয়োগ ছিল না।