আইন হলেই ডিমিউচুয়ালাইজেশন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা থেকে প্রশাসনকে পৃথককরণ বা ডিমিউচুয়ালাইজেশনের (বিন্যস্তকরণ) ক্ষেত্রে আন্তর্জাতিক মান বজায় রাখা হবে। ইতিমধ্যে আন্তর্জাতিক অর্থ-ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ম্যাকেনজিসহ তিনটি প্রতিষ্ঠানের কাছ থেকে প্রস্তাবও গ্রহণ করা হয়েছে। এখন জাতীয় সংসদে এ-সংক্রান্ত আইন প্রণয়নের কার্যক্রম চলছে। আইন প্রণয়ন শেষ হলে দ্রুততম সময়ের মধ্যে ডিমিউচুয়ালাইজেশন বাস্তবায়ন করা হবে।ডিমিউচুয়ালাইজেশনের জন্য গঠিত কমিটির আহ্বায়ক ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক মো. ফায়েকুজ্জামান প্রথম আলো অনলাইনের সঙ্গে আলাপকালে এ সব কথা বলেন।ফায়েকুজ্জামান বলেন, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) এবং সরকারের মতামতের ভিত্তিতে সবার কাছে গ্রহণযোগ্য হয়—এমনভাবে ডিমিউচুয়ালাইজেশনের কাজ সম্পন্ন করা হবে। এ ছাড়া বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার বিষয়টি প্রাধান্য পাবে বলে জানান তিনি।ফায়েকুজ্জামান জানান, গত ডিসেম্বরের মধ্যে ডিমিউচুয়ালাইজেশনের ধারণাপত্র সরকারের কাছে জমা দেওয়া হয়েছে। সরকারের কাছে ধারণাপত্র জমা দেওয়ার পর পুরো পরিকল্পনা ও কাজের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে আইনগত বিষয় (লিগ্যাল ফ্রেম) ও ব্যবসা পরিচালনাকে প্রাধান্য দেওয়া হচ্ছে। এতে অন্তর্ভুক্ত হবে আইন কানুন পরিবর্তন সংক্রান্ত বিষয়গুলো। আর এই কাজে একটি আইনি প্রতিষ্ঠানকে দায়িত্বও দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি ইতিমধ্যে খসড়া প্রস্তাবও দিয়েছে।এদিকে পুঁজিবাজার ডিমিউচ্যুয়ালাইজেশন হলে ডিএসইর সদস্যদের কর্তৃত্ব অনেকাংশে কমে যাবে—এমন প্রশ্নের জবাবে ফায়েকুজ্জামান বলেন, এটা ঠিক না। ডিমিউচুয়ালাইজেশন করা হলে কারো কোনো ক্ষতি হবে না। কেননা ওই পরিচালনা পর্ষদে সদস্যদের প্রতিনিধি থাকবেন। তাই তাঁদের স্বার্থ ক্ষুণ্ন হওয়ার প্রশ্নই আসে না।