আইনমন্ত্রীর নেতৃত্বে ফিলিপাইন যাচ্ছে প্রতিনিধিদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের চুরি হওয়া অংশের বাকি সাড়ে ছয় কোটি ডলার উদ্ধারে এবার ফিলিপাইন যাচ্ছে আইনমন্ত্রী আনিসুল হকের নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল। প্রতিনিধিদলটি ২৮ নভেম্বর থেকে আগামী ১ ডিসেম্বর পর্যন্ত ফিলিপাইনের আইনমন্ত্রী, অর্থমন্ত্রী, সিনেটের চেয়ারম্যান, গভর্নরের সঙ্গে সভা করবেন। ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের সঙ্গে সাক্ষাতের চেষ্টা করবে এ দলটি।

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের চুরি হওয়া অংশের দেড় কোটি ডলার ফেরত দিয়েছে ফিলিপাইন। তবে বাকি ৬ কোটি ৫৮ লাখ ডলার উদ্ধার বা ফেরত পাওয়া নিয়ে এখনো কোনো অগ্রগতি হয়নি। এর পরিপ্রেক্ষিতে সরকারের একটি প্রতিনিধিদল ফিলিপাইন সরকারের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছেন। ২৬ নভেম্বর প্রতিনিধিদলটি ফিলিপাইনের উদ্দেশে দেশ ছাড়বে। ২৮ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত ফিলিপাইন সরকারের বিভিন্ন পর্যায়ের সঙ্গে আলোচনা করবেন।

আইনমন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধিদলে থাকছেন অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুর রাজ্জাক, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ইউনুসুর রহমান। ফিলিপাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জন গোমেজ এ দলে যুক্ত হবেন।

রিজার্ভের চুরি হওয়া অংশের আরও ৪ কোটি ৭০ লাখ ডলার (৩৭১ কোটি টাকা) উদ্ধারের আশা করছে বাংলাদেশ ব্যাংক। এসব অর্থ ফিলিপাইনের কয়েকটি ক্যাসিনো ও ফিলরেম থেকে জব্দ করা হয়েছিল। যা নিয়ে বর্তমানে ফিলিপাইনে মামলা চলছে। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহা. রাজী হাসানও সম্প্রতি এসব কথা জানিয়েছেন। মূলত এ অর্থ আদায়ের লক্ষ্যেই উচ্চপর্যায়ের প্রতিনিধিদলটি ফিলিপাইন যাচ্ছে।

এ বছরের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে (নিউইয়র্ক ফেড) রক্ষিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের হিসাব থেকে ১০ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরির ঘটনা ঘটে। এর মধ্যে দুই কোটি ডলার চলে যায় শ্রীলঙ্কায় আর বাকি ৮ কোটি ১০ লাখ ডলার ফিলিপাইনে। শ্রীলঙ্কায় যাওয়া দুই কোটি ডলার ফেরত পাওয়া গেছে বলে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে। সব মিলিয়ে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের চুরি হওয়া অংশের ১ কোটি ৫২ লাখ ডলার ফেরত পাওয়ায় বাকি থাকল আরও ৬ কোটি ৫৮ লাখ ডলার।