আইনসম্মত হলেও অনৈতিক ব্যাপার ঘটেছে পুঁজিবাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারের সাম্প্রতিক বিপর্যয়ের কারণ অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটির প্রধান খোন্দকার ইব্রাহিম খালেদ বলেছেন, আইনসম্মত হলেও অনেক অনৈতিক বিষয় পুঁজিবাজারে ঘটেছে। সেই বিষয়গুলোও তদন্ত প্রতিবেদনে তুলে ধরার চেষ্টা করা হবে। গতকাল রোববার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) বিভিন্ন বিভাগের প্রধানদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।ইব্রাহিম খালেদ বলেন, নির্ধারিত দুই মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। তবে প্রতিবেদনের জন্য সময় আরও বেশি হলে ভালো হতো। তিনি আরও জানান, কমিটি ২০০৯ থেকে ২০১১ সালের জানুয়ারি পর্যন্ত শেয়ারবাজারের বিভিন্ন অনিয়মের তদন্ত করবে। এরই অংশ হিসেবে তদন্ত কমিটির সদস্যরা এসইসির কর্মকর্তাদের বিভিন্ন কাজের বিষয়ে খোঁজখবর নেন।উল্লেখ্য, গত ২৬ জানুয়ারি কৃষি ব্যাংকের চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদকে প্রধান করে সরকার প্রথমে তিন সদস্যের কমিটি গঠন করে। কমিটির অপর দুজন সদস্য হলেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) মহাপরিচালক তৌফিক আহমেদ চৌধুরী এবং ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) সাবেক সভাপতি মোহাম্মদ আবদুল বারী। পরে চতুর্থ সদস্য হিসেবে ব্যারিস্টার নিহাদ কবীরকে যুক্ত করা হয়।