আইনি জটিলতার আপাতত অবসান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের ন্যূনতম শেয়ার ধারণকে ঘিরে তৈরি হওয়া আইনি জটিলতার আপাতত নিরসন হয়েছে। সর্বশেষ গত বৃহস্পতিবার উচ্চ আদালত পাঁচটি রিট আবেদন খারিজ করে দিয়েছেন। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) ২ সিসি ধারাকে চ্যালেঞ্জ করে তালিকাভুক্ত পাঁচ কোম্পানির ২৪ জন পরিচালক এসব রিট করেছিলেন।সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯-এর ২ সিসি ক্ষমতাবলেই এসইসি উদ্যোক্তা-পরিচালকদের ন্যূনতম শেয়ার ধারণের নির্দেশনা জারি করেছিল। ওই নির্দেশনাকেও চ্যালেঞ্জ করে বেশ কয়েকজন পরিচালক উচ্চ আদালতে রিট করেছিলেন। শুনানি শেষে গত ২১ মে আদালত ‘এসইসির নির্দেশনা বৈধ’ বলে রায় দেন। সেই রায়ের পরপরই ২৪ জন পরিচালক এসইসির ২ সিসি ধারাকে চ্যালেঞ্জ করে রিট করেন।দুই দফায় দায়ের হওয়া এসব রিটকে ঘিরে দেড় মাসেরও বেশি সময় ধরে পুঁজিবাজারের বিনিয়োগকারীদের মধ্যে একধরনের অনিশ্চয়তা বা শঙ্কা কাজ করছিল। বাজার বিশ্লেষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আদালতের রায়ের ফলে বিনিয়োগকারীদের এই অনিশ্চয়তা বা শঙ্কা দূর হবে। জানতে চাইলে পুঁজিবাজার বিশ্লেষক ও বেসরকারি খাতের ইউনাইটেড ইউনিভার্সিটির বিজনেস স্কুল বিভাগের শিক্ষক মোহাম্মদ মূসা প্রথম আলোকে বলেন, ‘আশা করছি আদালতের রায়ের ফলে বিনিয়োগকারীদের অনিশ্চয়তা কমবে। বাজারেও এর ইতিবাচক প্রভাব দেখা যেতে পারে। তবে বাজারের পুরোপুরি স্থিতিশীলতার বিষয়টি নির্ভর করছে তারল্য সরবরাহ পরিস্থিতির ওপর। যদি তারল্য প্রবাহ বাড়তে থাকে, তাহলে বাজারও ধীরে ধীরে স্থিতিশীল হবে।’মোহাম্মদ মূসা আরও বলেন, ‘রিটকে ঘিরে অনিশ্চয়তার কারণে এত দিন যেসব বিনিয়োগকারী নিষ্ক্রিয় ছিলেন, আশা করছি তাঁরা আবারও সক্রিয় হবেন। সেই সঙ্গে আদালতের রায় নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে ইতিবাচক যে প্রত্যাশা ছিল, সেটি পূরণ হওয়ায় তাৎক্ষণিক কিছু প্রভাব তো বাজারের ওপর থাকবে।’চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সভাপতি আল মারুফ খান প্রথম আলোকে বলেন, ‘পরিচালকদের ন্যূনতম শেয়ার ধারণের বিষয়টিকে ঘিরে আইনগত জটিলতার কারণে বিনিয়োগকারীদের মধ্যে যে শঙ্কা তৈরি হয়েছিল, রায়ের ফলে সেই শঙ্কা কেটে গেছে। এতে বাজারের অনিশ্চিত পরিস্থিতি থেকে উত্তরণ ঘটবে। এখন বাজারকে স্থিতিশীল রূপ দিতে হলে দরকার প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়ানো। সাধারণ বিনিয়োগকারীদের আত্মবিশ্বাসের পাশাপাশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়লে তা বাজারে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সহায়ক হবে।’প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বৃদ্ধির ক্ষেত্রে বেশ কিছু সমস্যার কথা উল্লেখ করে এসব সমাধানে ঐক্যবদ্ধ প্রয়াস গ্রহণের পরামর্শ দেন স্টক এক্সচেঞ্জের এই নেতা।আল মারুফ খান বলেন, সম্প্রতি বাংলাদেশ ব্যাংক ব্যাংকের মন্দ ঋণ পুনঃতফসিলের বিষয়ে যে নির্দেশনা জারি করেছে, তাতে প্রতি প্রান্তিকে ব্যাংকগুলোর প্রভিশনিংয়ের হার অনেক গুণ বেড়ে যাবে। বর্তমানে ব্যাংকগুলো যে হারে মুনাফা করছে, একই হারে মুনাফা করলে প্রভিশনিংয়ের কারণে ব্যাংকগুলোর শেয়ারপ্রতি আয় বা ইপিএস কমে যাবে। এটি হলে পুঁজিবাজারে আবার নেতিবাচক পরিস্থিতি তৈরি হতে পারে। এ কারণে এখনই বিষয়টি নিয়ে বাংলাদেশ ব্যাংক ও এসইসির মধ্যেই সমন্বয় দরকার। এ ছাড়া শেয়ারবাজারে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগের নতুন আইনি সীমা নির্ধারণের আগে বিষয়টি আরও গভীরভাবে পর্যালোচনা করতে হবে, যাতে পুঁজিবাজারে এর নেতিবাচক কোনো প্রভাব না পড়ে। বাজার পরিস্থিতি: প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক গত সপ্তাহে প্রায় ৭ শতাংশ বা ৩২১ পয়েন্ট কমেছে। সেই সঙ্গে লেনদেনের পরিমাণ কমেছে আগের সপ্তাহের চেয়ে প্রায় ৬ শতাংশ বা ৪২ কোটি টাকা। গত সপ্তাহ শেষে ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৭১৫ কোটি টাকা। সপ্তাহ শেষে ঢাকার বাজারে দৈনিক গড় লেনদেনের পরিমাণ ছিল প্রায় ১৪৩ কোটি টাকা, আগের সপ্তাহে যার পরিমাণ ছিল ১৫১ কোটি টাকা। গত সপ্তাহে ডিএসইতে ২৮১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ২৫২টিরই দাম কমেছে, বেড়েছে মাত্র ১৪টির আর অপরিবর্তিত ছিল সাতটির দাম। সপ্তাহ শেষে বাজারের মূল্য আয় অনুপাতের ভারিত্ব গড় নেমে এসেছে ১১ দশমিক ৫৬তে।