আইনি জটিলতায় দিনাজপুর চেম্বারের নির্বাচন অনিশ্চিত
দিনাজপুর চেম্বারের নির্বাচন গত ২৯ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। উচ্চ আদালতের নিষেধাজ্ঞার কারণে এটা তিন মাস পিছিয়ে গেছে। একই সঙ্গে পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত বর্তমান কমিটিকে কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে দাবি করেছে চেম্বারের বর্তমান কমিটি।অন্যদিকে দিনাজপুর চেম্বারের নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত প্রধান নির্বাচন কমিশনার মো. সাইফুল ইসলাম স্বীকার করেন, ‘মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বর্তমান কমিটি চেম্বারের দায়িত্ব পালন করবে’—এ ধরনের আদেশ উচ্চ আদালত সরাসরি দেননি। তবে আদেশের বক্তব্য বিশ্লেষণ করে সংশ্লিষ্ট আইনি প্রতিষ্ঠান বর্তমান কমিটিকে কাজ চালিয়ে যাওয়ার পক্ষে মতামত দিয়েছে।জানা গেছে, চেম্বারের বর্তমান কার্যকরী কমিটির মেয়াদ গত বৃহস্পতিবার শেষ হয়েছে। এ অবস্থায় ২০১১-২০১৩ মেয়াদের নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। কাদের তত্ত্বাবধানে নির্বাচন হবে এবং নির্বাচন না হওয়া পর্যন্ত কারা চেম্বার পরিচালনা করবেন, তা-ও পরিষ্কার নয়। সব মিলিয়ে চেম্বারের নির্বাচন নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে বলে দিনাজপুরের বিশিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে আলাপ করে জানা গেছে।এদিকে দিনাজপুর চেম্বারের ঊর্ধ্বতন সহসভাপতি আবু বক্কর সিদ্দিকসহ নির্বাহী কমিটির আটজন সদস্য গত বৃহস্পতিবার পদত্যাগ করেছেন। বর্তমান সভাপতি নুরুল মঈনসহ কমিটির একাংশের স্বেচ্ছাচারিতা, অগণতান্ত্রিক কার্যকলাপের প্রতিবাদে ওই আটজন সদস্য পদত্যাগ করেছেন বলে গত বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়। একই অভিযোগে গত এক বছরে নির্বাহী কমিটি থেকে আরও দুজন সদস্য পদত্যাগ করেন। এ নিয়ে ২১ সদস্যবিশিষ্ট নির্বাহী কমিটির মোট নয়জন সদস্য পদত্যাগ করলেন।এদিকে গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে চেম্বারের সভাপতিসহ কমিটির একাংশ দাবি করেছে, উচ্চ আদালত গত ২৭ জুলাই এক আদেশে দিনাজপুর চেম্বারের নির্বাচন তিন মাস স্থগিত করেন। একই সঙ্গে পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত ‘বর্তমান কমিটি কাজ চালিয়ে যাবে’ মর্মে নির্দেশনা দিয়েছেন বলে তারা দাবি করে।চেম্বারের ভবনে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন চেম্বারের সভাপতি নুরুল মঈন। তিনি তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে বলেন, নতুন ভোটার তালিকায় কোনো ভুয়া ভোটার নেই।খোঁজ নিয়ে জানা গেছে, গত ৫ জুলাই বাণিজ্য মন্ত্রণালয় দিনাজপুর চেম্বারের সভাপতিকে কারণ দর্শানোর নোটিশ দেয়। গত ২৩ জুলাই প্রশাসক নিয়োগ ও নতুন ভোটার তালিকা করে নির্বাচন অনুষ্ঠানের আদেশ দেন। চেম্বারের সভাপতি নুরুল মঈন গত ২৪ জুলাই বাণিজ্য মন্ত্রণালয়ে আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিট করেন। আদালত গত ২৭ জুলাই দিনাজপুর চেম্বারের নির্বাচন অনুষ্ঠান তিন মাসের জন্য স্থগিত ঘোষণার আদেশ দেন। একই সঙ্গে বাণিজ্যসচিবকে জবাব দাখিলের নির্দেশ দেন। গত ১৪ আগস্ট বাণিজ্য মন্ত্রণালয় আদালতে জবাব দাখিল করেছে বলে জানা গেছে।