আইনের আওতায় প্রতিযোগিতা
ঢাকা শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাতায়াতের জন্য বিভিন্ন বাস চলাচল করে। গন্তব্য যেহেতু অনেকগুলো, সেহেতু রুট বা পথও অনেক। যাত্রীর ওপর ভিত্তি করে বিভিন্ন পথে বাসের সংখ্যা কম-বেশি হয়। আপাতদৃষ্টিতে দেখলে মনে হবে, বাস-মিনিবাসনির্ভর গণপরিবহনে বেশ প্রতিযোগিতা। বিশেষ করে, মতিঝিল-মিরপুর পথে হাজার খানেকের বেশি বাস চলাচল দেখলে অন্য কিছু মনে হওয়ার কথা নয়। বাস্তবতা বলে ভিন্ন কথা। মতিঝিল-মিরপুরের মতো কিছু কিছু পথে বিভিন্ন বাসের মধ্যে প্রতিযোগিতা থাকলেও অনেকগুলো পথেই কোনো প্রতিযোগিতা নেই। তার বদলে আছে গুটিকয়েক বাস পরিচালনাকারী কোম্পানির কর্তৃত্ব। মানে ওই পথে যতই চাহিদা থাকুক, যতই প্রয়োজন থাকুক, চাইলেই যে কেউ বাস নামাতে পারবেন না। অর্থাৎ মুক্তবাজারের নিয়মানুসারে অবাধে প্রবেশের সুযোগ নেই। তার বদলে একধরনের একচেটিয়া দখলদারি বা নিয়ন্ত্রণ নিয়ে বাস চালনা করা হয়। এই যে চাহিদার বিপরীতে জোগান পূরণে বাধা তৈরি করা, এটা হলো প্রতিযোগিতাবিরুদ্ধ কর্মকাণ্ড। প্রতিযোগিতা করে টিকে থাকতে অনীহা। কিংবা ধরা যাক পেঁয়াজের মতো একটি নিত্যপণ্যের কথা। দেশি পেঁয়াজের বাইরে ভারত থেকে আমদানি করা পেঁয়াজ আমাদের চাহিদার উল্লেখযোগ্য অংশ পূরণ করে থাকে। আর তাই পেঁয়াজের সরবরাহে ঘাটতি দেখা দিলে বা যথাসময়ে আমদানি করা না হলে বাজারে দাম বেড়ে যায় হু হু করে। একাধিক কারণে এ সরবরাহ ঘাটতি দেখা দিতে পারে। এর মধ্যে অন্যতম হলো, আমদানিকারকদের প্রতিযোগিতা বিরুদ্ধ চর্চা। মানে, বড় আমদানিকারকেরা কখনো কখনো সরবরাহ ঘাটতি ধরে রাখতে আমদানির গতি কমিয়ে দেন। এর প্রভাবে দাম বেড়ে যায়। কখনো বা এমনভাবে দাম হাঁকে যেন বাজারে দাম পড়তে থাকে। এতে ছোট আমদানিকারক ও ব্যবসায়ীরা পণ্য আমদানিতে নিরুৎসাহিত হন। অনেকে সরে পড়েন। তাতে সরবরাহের উৎস সীমিত হয়ে পড়ে। তখন আবার দাম বাড়ানোর সুযোগ তৈরি হয়। এসব কারণেই বাজারে নিত্যপণ্যের দাম বেড়ে গেলে ‘সিন্ডিকেট’ হচ্ছে বলে আওয়াজ ওঠে। যদিও সুনির্দিষ্টভাবে সিন্ডিকেট বা কার্টেল কারবারের প্রমাণ করা খুব কম ক্ষেত্রেই সম্ভব হয়েছে। এখন গণপরিবহনের বাস হোক বা নিত্যপণ্য পেঁয়াজ হোক, সব ক্ষেত্রেই দাম নির্ধারণ করাটা প্রাথমিকভাবে চাহিদা-জোগানের ভিত্তিতে হয়ে থাকে। জোগানব্যবস্থায় ত্রুটি-বিকৃতি-বিচ্যুতি কী আছে বা কোথায় আছে, তা হচ্ছে পরবর্তী বিবেচ্য। কিন্তু এ বিবেচনাটাও গুরুত্বপূর্ণ। সে জন্যই আসে প্রতিযোগিতার কথা। অর্থাৎ যে বা যারা কোনো পণ্য বা সেবা সরবরাহ করতে সক্ষম, তারা তা অবাধে সরবরাহ করবেন। এতে সরবরাহকারী তথা বিক্রেতাদের পরস্পরের মধ্যে প্রতিযোগিতা হবে। আর ভোক্তা-ক্রেতা ন্যায্য বা সঠিক দামে পণ্য-সেবা কিনতে পারবেন। যাঁরা প্রতিযোগিতায় টিকতে পারবেন না, তাঁরা ঝরে পড়বেন। আবার নতুন প্রতিযোগী আসবেন। এগুলো বলতে-শুনতে যতটা সহজ, বাস্তবে তত সহজে সম্পন্ন হয় না। সে জন্যই ব্যবসা-বাণিজ্যের জন্য আছে নানা ধরনের আইনকানুন। এ রকম একটি আইনই হলো প্রতিযোগিতা আইন। জুন মাসেই জাতীয় সংসদের বাজেট অধিবেশনে ‘প্রতিযোগিতা বিল-২০১২’ নামের এ-সংক্রান্ত আইনটি পাস হয়েছে। এই আইন অনুসারে, পণ্য বা সেবার বাজারে প্রভাব ফেলে বা প্রতিযোগিতাকে প্রভাব ফেলতে পারে এমন জোটবদ্ধ হওয়া নিষিদ্ধ। কোনো ধরনের কার্টেল বা চক্র করে বা কারসাজির মাধ্যমে দামে প্রভাব ফেললে এ কাজে জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্জিত মুনাফার তিন গুণ অথবা বিগত তিন অর্থবছরের লেনদেনের (টার্নওভার) ১০ শতাংশ—এ দুটির মধ্যে যেটি বেশি, তা জরিমানা হিসেবে আদায় করা হবে। আইনে কার্টেল বলতে কোনো ব্যক্তি বা ব্যক্তিগোষ্ঠীর প্রকাশ্য বা প্রচ্ছন্ন চুক্তির মাধ্যমে কোনো পণ্য বা সেবার বাজারে একচেটিয়া ব্যবসা প্রতিষ্ঠার জন্য পণ্যের উৎপাদন, পরিবেশন, বিক্রয়, মূল্য বা লেনদেন অথবা কোনো ধরনের সেবা সীমিতকরণ, নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা বা নিয়ন্ত্রণের উদ্যোগ গ্রহণ করা বোঝানো হয়েছে। বাজারে সিন্ডিকেট করে বা জোটবদ্ধ হয়ে পণ্যের দাম নিয়ন্ত্রণের ঘটনা প্রমাণিত হলে এক বছরের কারাদণ্ড অথবা এক লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে প্রতিযোগিতা আইনে। প্রতিযোগিতা আইনটি প্রয়োগের জন্য প্রতিযোগিতা কমিশন গঠন করা হবে। বাজারে প্রতিযোগিতাকে উৎসাহিত করতে এবং ব্যবসা-বাণিজ্যের স্বাধীনতা নিশ্চিত করতে কাজ করবে এ কমিশন। অভিযোগের ভিত্তিতে অথবা স্বপ্রণোদিত হয়ে কমিশন ব্যবসা প্রতিষ্ঠানগুলোর প্রতিযোগিতাবিরুদ্ধ চুক্তি, কর্তৃত্বময় অবস্থান ও প্রয়াস তদন্ত করতে পারবে। একজন চেয়ারম্যান ও সর্বোচ্চ চারজন সদস্য নিয়ে এ কমিশন গঠন করা হবে।প্রতিযোগিতা আইন অনুমোদনের মাধ্যমে বাংলাদেশ এখন বিশ্বের আরও অন্তত ১২০টি দেশের সঙ্গে একই কাতারে যুক্ত হলো। প্রতিবেশী ভারতে ২০০২ সাল থেকে এই আইন প্রবর্তন করা হয়েছে, যা ১৯৬৯ সালের এমআরটিপি আইনের (মনোপলিস ও রেসট্রিকটিভ ট্রেড পলিসিজ অ্যাক্ট) স্থলাভিষিক্ত হয়েছে। এ মাসেই ভারতীয় প্রতিযোগিতা কমিশন সে দেশের ১১টি সিমেন্ট প্রস্তুতকারক প্রতিষ্ঠানকে ছয় হাজার ২০০ কোটি রুপি জরিমানা করেছে। পাকিস্তানের প্রতিযোগিতা কমিশন ২০১০ সালে দেশটির রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পাকিস্তান স্টিল মিলসকে আড়াই কোটি রুপি জরিমানা করেছিল। এসব দেশের অভিজ্ঞতা বাংলাদেশের জন্য সহায়ক হবে, তাতে কোনো সন্দেহ নেই।