আইনের ধারা পালন থেকে চার বিদেশি ব্যাংককে অব্যাহতি
বাংলাদেশে কর্মরত চার বিদেশি ব্যাংক সহযোগী (সাবসিডিয়ারি) কোম্পানি গঠন ছাড়াই কাস্টডিয়ান কার্যক্রম পরিচালনা করতে পারবে।
অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংককে তা জানিয়ে একটি চিঠি পাঠিয়েছে। ব্যাংকগুলো হলো সিটিব্যাংক এনএ, হংকং সাংহাই ব্যাংকিং করপোরেশন (এইচএসবিসি), স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এবং কমার্শিয়াল ব্যাংক অব সিলন।
ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ (সংশোধিত ২০১৩)-এ বলা হয়েছে, ‘কোনো ব্যাংক কোম্পানি স্টক ব্রোকার, স্টক ডিলার, মার্চেন্ট ব্যাংকার, পোর্টফোলিও ম্যানেজার হিসেবে বা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে নিবন্ধন গ্রহণের প্রয়োজন পড়ে—এরূপ কোনো ব্যবসায়ে সরাসরি লিপ্ত হতে পারবে না।’
ব্যাংকগুলোর পুঁজিবাজারে সম্পৃক্ততা কমানোর জন্য বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমতি নিয়ে সহযোগী কোম্পানি গঠন করার নিয়ম করা হয়।
তবে পুঁজিবাজারে স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থেই এই অব্যাহতি দরকার বলে মন্ত্রণালয়কে জানায় বাংলাদেশ ব্যাংক। এ জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান গত সেপ্টেম্বরে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সম্মতি চেয়ে একটি চিঠি পাঠিয়েছিলেন।
জানা গেছে, বৈদেশিক বহুজাতিক ব্যাংক ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান হচ্ছে এই চার ব্যাংকের অধিকাংশ গ্রাহক। বর্তমানে এই ব্যাংকগুলোর কাস্টডিতে সম্পদ রয়েছে ১২০ কোটি ডলার (এক ডলার ৭৬ টাকা হিসেবে নয় হাজার ১২০ কোটি টাকা)।
বিদেশে নিবন্ধিত ব্যাংকের বাংলাদেশ শাখা হিসেবে চার ব্যাংক কাজ করছে বলে সংকটটি তৈরি হয়েছে। কারণ, সহযোগী কোম্পানি গঠন করতে হলে তাদের প্রধান কার্যালয়ের অনুমোদন লাগবে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর চিঠিতে জানিয়েছিলেন, বাংলাদেশের পুঁজিবাজারের আকার বিবেচনায় চার ব্যাংকের প্রধান কার্যালয়ের এখানে সহযোগী কোম্পানি গঠনে আগ্রহী হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ।