আইনের ফাঁকে টাকা পাচার হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমদানি-রপ্তানির সময় মিথ্যা ঘোষণা দিয়ে বেশি টাকা পাচার হয়। আবার প্রবাসী আয়ের অর্থ দেশে আসে না। বিদেশেই থেকে যায়। আইনের ফাঁকের কারণেই টাকা পাচার হয়। বাংলাদেশের অর্থনীতিবিদ গবেষকেরা এ কথা বলেছেন। অনেকে বলেন, খেলাপি ঋণের সঙ্গেও টাকা পাচারের সম্পর্ক আছে। বিবিসি এই খবর দিয়েছে।

গত মঙ্গলবার গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টেগ্রিটির(জিএফআই) এক প্রতিবেদনে বলা হয়েছে, এক দশকে বাংলাদেশ থেকে পাচার হয়েছে প্রায় সাড়ে সাত হাজার কোটি ডলার। ২০১৪ সালে পাচারের পরিমাণ ৯১১ কোটি ডলার। এর পরিপ্রেক্ষিতে বিবিসি বাংলাদেশের অর্থনীতিবিদ গবেষকদের প্রতিক্রিয়া নিয়ে ওই প্রতিবেদন তৈরি করেছে।

বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের(বিআইডিএস) গবেষক বিরূপাক্ষ পাল বলেন, ‘অনেক সময় রেমিট্যান্স দেশে ঢোকে না। ওখানে পেমেন্ট হয়, আর হুন্ডির মাধ্যমে দেশে পরিশোধ করা হয়। দেশে আর টাকাটা ঢোকে না। এটিও একধরনের বেরিয়ে যাওয়া। আমাদের রেমিট্যান্স কিন্তু কমে গেছে দুই-তিন বিলিয়ন ডলার।

‘আবার ওভার ইনভয়েসিংয়ের মাধ্যমেও টাকা পাচার করা হয়। আমি ইমপোর্ট করব, সেখানে ওভার ইনভয়েসিংয়ের মাধ্যমে টাকাটা বিদেশে পাঠিয়ে দিলাম। আসলে সেটার মূল্য তত না। আমি ১০০ ডলার ওভার ইনভয়েস করলাম, জিনিসটা আসলে ৫০ ডলারের। সে ক্ষেত্রে বিদেশের পার্টির কাছ থেকে আমি ৫০ ডলার নিয়ে নিতে পারব। আবার রপ্তানির ক্ষেত্রে আন্ডার ইনভয়েসিং হয়। হয়তো ১০০ ডলার পেতাম, ৫০ ডলার এখন দিচ্ছে, আবার আমি বিদেশে গেলে আরও ৫০ ডলার দিচ্ছে। এ ক্ষেত্রে বিদেশের পার্টির সঙ্গে একটি বোঝাপড়া থাকছে। সুতরাং, দুর্নীতির একটা অংশ বিদেশেও রয়েছে।’

কোন ধরনের ব্যবসায় অর্থ পাচারের ঘটনা বেশি ঘটে, এমন প্রশ্নের জবাবে বিরূপাক্ষ বলেন, ‘এটি বলা কঠিন। অনেক কিছু শোনা যায়। খেলাপি ঋণের সঙ্গে বাইরের টাকা পাচারের একটি সম্পর্ক রয়েছে বলে আমি ধারণা করি। জিডিপি ধারাবাহিকভাবে ভালো আছে। ব্যবসা ভালো না হলে এটি হওয়ার কথা নয়। আবার ঋণখেলাপিও হচ্ছে। এর পেছনে বড় হাতের কাজ থাকতে পারে। ছয়-সাত বিলিয়ন ডলার তো কম না। এ পরিমাণ অর্থ দিয়ে সমগ্র ঢাকার পাতালরেল বানিয়ে ফেলা যায়।’

গবেষক বিরূপাক্ষ পাল বলেন, আইনের ফাঁকের কারণেই অর্থ পাচার হচ্ছে। এটি সম্পূর্ণ বন্ধ করা না গেলেও কিছুটা কমিয়ে আনা সম্ভব। সরকার সবকিছুই প্রচলিত আমলাতন্ত্র দিয়ে সমাধান করতে চাইছে। এটি তো হয় না। এ জন্য আউটসোর্সিং করতে হবে। তিন-চারটা কোম্পানি থাকবে, ইনডিপেনডেন্ট স্টাডি থাকবে। তবেই এটি কমিয়ে আনা সম্ভব। বাংলাদেশ ব্যাংক যথেষ্ট করে যাচ্ছে। এর চেয়ে বেশি কিছু এ প্রতিষ্ঠানের পক্ষে করা সম্ভব নয়।

টিআইবির ইফতেখারুজ্জামান বলেন, বিষয়টি এমন নয় যে ব্যাগ ভরে ভরে বা ব্যাংকের মাধ্যমে টাকা পাচার হয়ে যাচ্ছে। যাঁরা এক্সপোর্ট-ইমপোর্ট করছেন, তাঁরা মেশিন ভয়েসিংয়ের মাধ্যমে বা বিদেশে পেমেন্ট করে টাকাগুলো পাচার করছেন। পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা সম্ভব, তবে এটি সময়সাপেক্ষ।

সিপিডির বিশেষ ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, এটি অর্থনীতির জন্য ভালো নয়। গড়ে যে বৈদেশিক সাহায্য আসে, তা থেকেও এ অঙ্কটি বড়। বিশেষ করে, বাণিজ্য ও অন্যান্য প্রক্রিয়ায় টাকা পাচার হচ্ছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব আবু মো. মোস্তফা কামাল বলেন, প্রতিবেদনটি সংগ্রহ করে পর্যালোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। করণীয় সবকিছুই করা হবে।

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, অ্যান্টি মানি লন্ডারিং আইনে কোনো অপরাধ পাওয়া গেলে এ আইনের আওতায় অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।