আইপিএফএফ প্রকল্পে আরও দুই কোটি ডলার অনুমোদন
বিনিয়োগ উন্নয়ন এবং অর্থায়ন সুবিধা (আইপিএফএফ) প্রকল্প থেকে ১ কোটি ৯১ লাখ ডলারের অর্থাৎ ১৪৯ কোটি টাকা বিনিয়োগের অনুমোদন দিয়েছে এ-সংক্রান্ত কমিটি।
মিডল্যান্ড পাওয়ার কোম্পানি লিমিটেডের (এমপিসিএল) জন্য দীর্ঘমেয়াদি এ ঋণের অনুমোদন হয়েছে গতকাল মঙ্গলবার। বিশ্বব্যাংকের অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি ইস্টার্ন ব্যাংক এই ঋণের লিড ব্যাংক। আর সহযোগী ব্যাংক দুটি হচ্ছে মিউচ্যুয়াল ট্রাস্ট এবং ট্রাস্ট ব্যাংক।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরকারি-বেসরকারি যৌথ অংশীদারত্বের (পিপিপি) ভিত্তিতে অবকাঠামো খাতের উন্নয়ন প্রকল্পে দীর্ঘমেয়াদি ঋণ দেওয়ার জন্য বিশ্ব ব্যাংকের অর্থায়নে ২০০৭ সালে আইপিএফএফ প্রকল্পের যাত্রা শুরু হয়। এ প্রকল্পের আওতায় এযাবৎ নয়টি বিদ্যুৎ প্রকল্প, একটি অভ্যন্তরীণ কনটেইনার ডিপো, একটি আইটি অবকাঠামো প্রকল্প ও তিনটি পানি শোধনাগারে ১৫ কোটি ৪৭ লাখ ডলার সমপরিমাণের প্রায় ১ হাজার ১৪৮ কোটি টাকা দেওয়া হয়েছে।