আইপিও আবেদনের প্রক্রিয়া সহজ করার উদ্যোগ
নতুন কোম্পানির শেয়ারের প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও আবেদন প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এরই অংশ হিসেবে বাজার সংশ্লিষ্ট ব্যক্তিদের মতামত সংগ্রহ করছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাটি।
বিএসইসি-সংশ্লিষ্টরা জানান, আইপিও আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর ভোগান্তি কমাতে প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে একাধিক বিকল্প ব্যবস্থা নিয়ে আলাপ-আলোচনা চলছে। আইপিও আবেদনের ক্ষেত্রে ব্রোকারেজ হাউসগুলোকে সম্পৃক্ত করার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।
এ লক্ষ্যে বিএসইসি গতকাল সোমবার মার্চেন্ট ব্যাংকার, ব্রোকারেজ হাউসের শীর্ষ কর্মকর্তা এবং দুই স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে বৈঠক করেছে। বৈঠকে উপস্থিত কর্মকর্তাদের আগামী বৃহস্পতিবারের মধ্যে নিজ নিজ মতামত লিখিত আকারে বিএসইসিতে জমা দিতে বলা হয়েছে।
জানতে চাইলে বিএসইসির একজন শীর্ষ কর্মকর্তা প্রথম আলোকে বলেন, বাজারসংশ্লিষ্ট ব্যক্তিদের মতামত নিয়ে চলতি ডিসেম্বর মাসের মধ্যেই আইপিও প্রক্রিয়া সহজীকরণের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বিষয়টি নিয়ে বাজারসংশ্লিষ্টদের সব পক্ষের মতামত সংগ্রহ করা হবে। তারই অংশ হিসেবে শীর্ষ ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকারদের নিয়ে প্রথম বৈঠকটি করা হয়েছে। পরবর্তী সময়ে বাজারসংশ্লিষ্ট অন্যদের সঙ্গেও এই ধরনের বৈঠক অনুষ্ঠিত হবে।
বিএসইসি সূত্র জানায়, প্রক্রিয়া সহজীকরণের বেশ কয়েকটি উপায় বা প্রস্তাবনা নিয়ে কাজ করছে নিয়ন্ত্রক সংস্থা। এর মধ্যে একটি প্রস্তাবনা হচ্ছে ব্রোকারেজ হাউসগুলোকে প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত করা, আবেদনের টাকা জমা দেওয়ার ভোগান্তি কমাতে স্বয়ংক্রিয়ভাবে আবেদনকারীর ব্যাংক হিসাব থেকে নির্ধারিত অর্থ সংগ্রহের ব্যবস্থা করা।
সংশ্লিষ্ট সূত্রমতে, বর্তমান প্রক্রিয়ায় সব আবেদনকারীকে আইপিওর নির্ধারিত অর্থ ব্যাংকের মাধ্যমে জমা দিতে হয়। পরে লটারিতে বিজয়ীদের অর্থ বাদে অনুত্তীর্ণ আবেদনকারীদের অর্থ ফেরত দিতে হয়। এর বিকল্প হিসেবে আবেদনকারীদের ব্যাংক হিসাবকে সরাসরি সম্পৃক্ত করার চিন্তাভাবনা চলছে। ধরা যাক, কোনো আবেদনকারী আইপিওর আবেদন করেছেন। ওই আইপিওর মার্কেট লটের জন্য নির্ধারিত অর্থ তাঁর ব্যাংক হিসাবে ব্লক করে রাখা হবে। পরবর্তী সময় যিনি লটারিতে শেয়ার বরাদ্দ পাবেন কেবল তাঁর ব্যাংক হিসাব থেকে ওই অর্থ কেটে নেওয়া হবে, অনুত্তীর্ণ আবেদনকারীদের ব্লক করে রাখা অর্থের ওপর থেকে হস্তান্তর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে।
এ ছাড়া ব্রোকারেজ হাউসকে এই প্রক্রিয়ায় যুক্ত করে তাদের মাধ্যমে আইপিওর অর্থ সংগ্রহের ব্যবস্থা করা যায় কি না, সেটিও বিবেচনা করছে বিএসইসি।
বিএসইসির কমিশনার আরিফ খানের সভাপতিত্বে গতকাল সংস্থাটির কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক স্বপন কুমার বালা, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সাজিদ হোসেন এবং লংকাবাংলা সিকিউরিটিজ, আইডিএলসি সিকিউরিটিজসহ বেশ কয়েকটি ব্রোকারেজ হাউসের প্রধান নির্বাহী, বিএমবিএর সভাপতি মোহাম্মদ এ হাফিজ প্রমুখ উপস্থিত ছিলেন।