আইপিও প্রক্রিয়া সহজ হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারে নতুন কোম্পানির তালিকাভুক্তির ক্ষেত্রে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদনপ্রক্রিয়া সহজ করতে যাচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ লক্ষ্যে দুই স্টক এক্সচেঞ্জকে সব বিও হিসাবের তথ্য হালনাগাদের নির্দেশ দেবে বিএসইসি। আজ বুধবার কমিশনের নিয়মিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বিএসইসির বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রস্তাবিত আইপিওর আবেদনপদ্ধতি পরিবর্তনের লক্ষ্যে আগামী ৩১ জানুয়ারির মধ্যে দুই স্টক এক্সচেঞ্জকে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ (সিডিবিএল) ডেটাবেজের সব বিও হিসাবের তথ্য হালনাগাদ করার নির্দেশ দেওয়ার সিদ্ধান্ত আজ নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, আইপিওর আবেদন সহজ করতে সম্প্রতি মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসের পক্ষ থেকে বিএসইসিতে প্রস্তাব জমা দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে কমিশন আজ এ সিদ্ধান্ত নেয়।