আইপিওতে আবার আগ্রহ বাড়ছে বিনিয়োগকারীদের
শেয়ারের প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওতে বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে। আইপিওর আবেদনের জন্য বিভিন্ন ব্যাংকের সামনে বিনিয়োগকারীদের দীর্ঘ লাইনও চোখে পড়ছে। নতুন একটি কোম্পানির আইপিওকে ঘিরে গতকাল মঙ্গলবার রাজধানীর মতিঝিলের বেশ কিছু ব্যাংকের সামনে আবেদনকারীদের দীর্ঘ লাইন দেখা গেছে। ৪ নভেম্বর থেকে শুরু হওয়া এই কার্যক্রম শেষ হবে আগামীকাল বৃহস্পতিবার। কোম্পানিটি হল-সানলাইফ ইনস্যুরেন্স। শেয়ারবাজারের সাম্প্রতিক ধসের পর এ ধরনের দৃশ্য দীর্ঘদিন দেখা যায়নি। বিনিয়োগকারীদের বেশির ভাগই বাজার থেকে মুখ ফিরিয়ে নেন। কিন্তু সাম্প্রতিক সময়ে আইপিওতে বিনিয়োগকারীদের আগ্রহ আবারও বাড়ায় বাজার বিশ্লেষকেরা এটাকে ইতিবাচক বলে উল্লেখ করেছেন। দিলকুশার জীবন বীমা ভবনের নিচতলায় সিটি ব্যাংক, একই এলাকার সাউথইস্ট ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) ও ন্যাশনাল ব্যাংকসহ আরও বেশ কয়েকটি ব্যাংকের শাখার সামনে তিন দিন ধরে আইপিও আবেদনকারীদের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। আবেদনকারীদের কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, অভিহিত মূল্যে কোম্পানিটির শেয়ার বাজারে আসছে—এ কারণেই তাঁদের আগ্রহ বেশি। তা ছাড়া জীবন বিমা কোম্পানির আইপিও শেয়ারের প্রতি সাধারণ বিনিয়োগকারীদের আগ্রহ রয়েছে। এর আগে পদ্মা ইসলামি লাইফ ইনস্যুরেন্সের আইপিওতে নির্ধারিত কোটার চেয়ে বেশ কয়েক গুণ বেশি আবেদন জমা পড়েছে। সানলাইফ ইনস্যুরেন্সের প্রতিটি শেয়ার ১০ টাকা অভিহিত মূল্যে বিক্রি হচ্ছে। কোম্পানিটির প্রতিটি বাজারগুচ্ছ বা মার্কেট লটে রয়েছে ৫০০ শেয়ার। সেই হিসাবে প্রতি লট শেয়ারের জন্য বিনিয়োগকারীদের পাঁচ হাজার টাকা জমা দিতে হচ্ছে। এদিকে শেয়ারবাজারের নেতিবাচক ধারা গতকাল মঙ্গলবারও অব্যাহত ছিল। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক এই দিন ৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে চার হাজার ৩৮৫ পয়েন্টে। তবে সূচক কমলেও লেনদেনের পরিমাণ বেড়েছে। মূল্যসূচকের ঊর্ধ্বগতি দিয়েই ঢাকার বাজারে গতকালের লেনদেন শুরু হয়েছিল। লেনদেনের প্রথম এক ঘণ্টায় তা বেড়ে সর্বোচ্চ চার হাজার ৪২৭ পয়েন্টে উঠেছিল। এরপর অবশ্য সূচক কমতে শুরু করে। দিন শেষে সেই প্রবণতা অব্যাহত ছিল।এই দিন ঢাকার বাজারে ২৭৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে আগের তুলনায় দাম কমেছে ১৫৭টির, বেড়েছে ১০৩টির আর অপরিবর্তিত ছিল ১৪টির দাম। এই দিন ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ৩৪৪ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে প্রায় ৩৪ কোটি টাকা বেশি।ডিএসইতে লেনদেনের বড় অংশজুড়েই ছিল তালিকাভুক্ত কোম্পানি ইউনাইটেড এয়ার। ডিএসইর মোট লেনদেনের ১২ দশমিক ৬৬ শতাংশই ছিল এই কোম্পানির। লেনদেনের দ্বিতীয় অবস্থানে ছিল যমুনা অয়েল। ডিএসইর মোট লেনদেনে এ কোম্পানির অংশ ছিল প্রায় ৫ শতাংশ। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক এই দিন প্রায় ৪৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৩৮০ পয়েন্টে। সিএসইতে ১৭৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে আগের তুলনায় দাম কমেছে ১১৩টির, বেড়েছে ৫৪টির আর অপরিবর্তিত ছিল ১২টির দাম। দিন শেষে চট্টগ্রামের বাজারে ৩৮ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে এক কোটি টাকা কম।