পুঁজিবাজার থেকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে মূলধন সংগ্রহের আগেই বড় ধরনের অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ উঠেছে মডার্ন পলি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বিরুদ্ধে।বাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) সম্প্রতি কোম্পানিটিকে বুক বিল্ডিং পদ্ধতিতে মূলধন সংগ্রহের প্রাথমিক পদক্ষেপ হিসেবে দরপত্র আহ্বানের জন্য অনুমোদন দিয়েছে। কিন্তু পরবর্তী সময়ে এসইসির সংশ্লিষ্ট বিভাগের পর্যবেক্ষণে অনিয়মের বিষয়টি বেরিয়ে আসে।এসইসির নির্বাহী পরিচালক এ টি এম তারিকুজ্জামান প্রথম আলোকে জানান, কোম্পানিটি বাজার থেকে উত্তোলিত টাকা দিয়ে মডার্ন ফাইবার ইন্ডাস্ট্রিজ নামে তাদেরই একটি সহযোগী প্রতিষ্ঠানের শেয়ার কেনার প্রস্তাব করেছে। মডার্ন ফাইবারের বর্তমান পরিশোধিত মূলধন ৬০ কোটি টাকা। পুঁজিবাজারের আইন অনুযায়ী কোনো কোম্পানি ১০ কোটি টাকার বেশি মূলধন সংগ্রহ করতে চাইলে এসইসির অনুমোদন নেওয়া বাধ্যতামূলক। কিন্তু এ ক্ষেত্রে তা করা হয়নি। যৌথ মূলধনী কোম্পানি ও ফার্মগুলোর নিবন্ধকের পরিদপ্তর (আরজেসি) থেকে মূলধন বাড়ানোর কাগজপত্র জমা দেওয়া হয়েছে। অথচ এসইসির অনুমোদন ছাড়া আরজেসিরও এ ধরনের অনুমোদন দেওয়ার কথা নয়।আবার প্রাইভেট লিমিটেড কোম্পানির পরিশোধিত মূলধন ৪০ কোটি টাকা হলে পাবলিক লিমিটেডে রূপান্তর করতে হয়। আর পরিশোধিত মূলধন ৫০ কোটি টাকা হলে বাজারে শেয়ার ছাড়া বাধ্যতামূলক।এ টি এম তারিকুজ্জামান বলেন, এসইসি কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপকের দেওয়া তথ্যের যথার্থতার (ডিউ ডিলিজেন্স) ওপর আস্থা রেখে শেয়ারের মূল্য নির্ধারণের জন্য প্রাথমিক অনুমোদন দিয়েছিল। কিন্তু ইস্যু ব্যবস্থাপক বিষয়টি আড়াল করে গেছে। যেহেতু মডার্ন পলির টাকা দিয়ে মডার্ন ফাইবারের শেয়ার কেনা হবে, তাই এর দায়-দায়িত্ব ইস্যু ব্যবস্থাপক এড়াতে পারে না। এ ব্যাপারে সংশ্লিষ্ট কোম্পানি ও ইস্যু ব্যবস্থাপক উভয়ের কাছে জবাব চাওয়া হবে।যোগাযোগ করা হলে এসইসির চেয়ারম্যান জিয়াউল হক খোন্দকার বলেন, এসইসির সংশ্লিষ্ট কর্মকর্তা বিষয়টি অবহিত করেছেন। আজ সোমবার কমিশনের বৈঠকে এ ব্যাপারে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।এ ব্যাপারে কোম্পানির চেয়ারম্যান আবুল বশর চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমরা যথাযথ নিয়ম-কানুন মেনেই মডার্ন পলির আইপিওর আবেদন করেছি। কিন্তু মডার্ন ফাইবার লিমিটেডের পরিশোধিত মূলধন বাড়ানোর ক্ষেত্রে এসইসির অনুমোদনের বিষয়টি আমাদের জানা ছিল না। এখন যেহেতু বিষয়টি আমাদের নজরে এসেছে, সেহেতু এসইসির কাছে অনুমোদন চাইব।’ইস্যু ব্যবস্থাপক প্রতিষ্ঠান অ্যালায়েন্স ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের চেয়ারম্যান তপন কুমার পোদ্দার বলেন, ‘মডার্ন ফাইবারের সঙ্গে শেয়ার কেনার জন্য কেবল সমঝোতা স্মারক চুক্তিতে সই হয়েছে। এসইসির অনুমোদনের পরই শেয়ার কেনার বিষয়টি চূড়ান্ত হবে। এর আগে ইস্যু ব্যবস্থাপক হিসেবে ওই কোম্পানির পরিশোধিত মূলধনের বিষয়টি আমাদের জানার কথা নয়। এর আগে মডার্ন পলি ইন্ডাস্ট্রিজকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করার ক্ষেত্রে লিখিতভাবে আপত্তি জানায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।মূলত বাজার থেকে উত্তোলিত টাকা দিয়ে বেশি দামে নিজেদেরই আরেকটি কোম্পানির শেয়ার কেনার প্রস্তাবে আপত্তি সংস্থাটির। ডিএসইর মতে, বাজারে শেয়ার ঘাটতির সুযোগ নিয়ে মূলধন সংগ্রহের পর একই গোষ্ঠীর দুই কোম্পানির মধ্যে অতিরিক্ত দামে শেয়ার কেনা-বেচার সুযোগ দেওয়া হলে তা ভবিষ্যতে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ক্ষতিকর হবে।এসইসি সূত্রে জানা গেছে, মডার্ন পলি ইন্ডাস্ট্রিজ ১০ টাকা অভিহিত মূল্যের তিন কোটি শেয়ার ছেড়ে বাজার থেকে অর্থ সংগ্রহ করতে চায়। বুক বিল্ডিং পদ্ধতির প্রাথমিক প্রক্রিয়া হিসেবে ইতিমধ্যে কোম্পানিটির প্রতিটি শেয়ারের নির্দেশক মূল্য নির্ধারণ করা হয়েছে ৬৪ টাকা। এই মূল্যকে ভিত্তি ধরেই প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা চূড়ান্ত দরপত্রে অংশ নেবেন। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের নির্দেশক মূল্যের ২০ শতাংশ কম-বেশির মধ্যে থেকে দাম প্রস্তাব করতে হবে। এ হিসাবে কোম্পানিটি বাজার থেকে সর্বোচ্চ ২৩০ কোটি টাকা তুলতে পারার কথা।সূত্র জানায়, শেয়ারবাজার থেকে সংগৃহীত এই টাকায় কোম্পানিটি মডার্ন ফাইবার ইন্ডাস্ট্রিজের ৮৩ দশমিক ১৩ শতাংশ বা পাঁচ লাখ ছয় হাজার ৩০০ শেয়ার কিনবে। ওই কোম্পানির প্রতিটি শেয়ারের মূল্য তিন হাজার ৮৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর অর্থ মডার্ন ফাইবারের এক হাজার টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের বিপরীতে প্রিমিয়াম দিতে হবে দুই হাজার ৮৮০ টাকা। সব মিলিয়ে পুঁজিবাজার থেকে সংগৃহীত অর্থের প্রায় ১৯৭ কোটি টাকা ব্যয় করা হবে এর জন্য।ডিএসইর পর্যবেক্ষণে বলা হয়েছে, মডার্ন পলি ইন্ডাস্ট্রিজ যে প্রক্রিয়ায় অর্থ সংগ্রহ ও ব্যয়ের প্রস্তাব করেছে, তা পরোক্ষভাবে পুঁজিবাজারে সরাসরি তালিকাভুক্তির (ইনডাইরেক্টলি ডাইরেক্ট লিস্টিং) মতো। কারণ কোম্পানিটি পুঁজিবাজার থেকে যে অর্থ সংগ্রহ করবে, তার পুরোটাই সহযোগী কোম্পানিতে চলে যাবে। আর ব্যক্তিমালিকানাধীন ওই কোম্পানিতে অর্থ স্থানান্তরের মানে হলো পরোক্ষভাবে টাকাগুলো উদ্যোক্তাদের পকেটে চলে যাওয়া। পুঁজিবাজারে সরাসরি তালিকাভুক্ত কোম্পানিগুলোর উদ্যোক্তারাই কেবল এ ধরনের সুযোগ পেয়ে থাকেন। এই যুক্তিতেই গত ২৫ আগস্ট এসইসি মডার্ন পলিকে দরপত্রের অনুমোদন দিলেও ডিএসই তা করতে রাজি হয়নি।উল্লেখ্য, বর্তমানে বেসরকারি খাতের কোম্পানির পুঁজিবাজারে সরাসরি তালিকাভুক্তি নিষিদ্ধ।