আইপিওতে একক ও যৌথ হিসাবে আবেদন করতে পারবেন ক্ষতিগ্রস্তরা
ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) তাদের জন্য নির্ধারিত ২০ শতাংশ কোটায় একক ও যৌথ হিসাবের মাধ্যমে আবেদন করতে পারবেন। গতকাল মঙ্গলবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নিয়মিত সভায় (বিএসইসি) এ সিদ্ধান্ত নেওয়া হয়। কমিশনের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।গতকাল সন্ধ্যায় প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন থেকে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীরা সব পাবলিক ইস্যুতে একক অথবা যৌথ হিসাবের যে কোনোটি অথবা উভয়টি হতে সংরক্ষিত ২০ শতাংশ কোটায় আবেদন করতে পারবেন। তবে তারা ইচ্ছা করলে ক্ষতিগ্রস্তদের জন্য সংরক্ষিত ২০ শতাংশ কোটায় আবেদন না করে সাধারণ বিনিয়োগকারীদের কোটায়ও আবেদন করতে পারবেন। এছাড়াও এ-সংক্রান্ত হালনাগাদ তালিকা কমিশনের ওয়েবাসইটে প্রকাশ করা হবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়।