আইপিওতে টাকা তোলা কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শেয়ারবাজার সদ্য বিদায়ী ২০১৩-১৪ অর্থবছরে শিল্পায়নে প্রায় ৮৪৭ কোটি ৫০ লাখ টাকা জোগান দিয়েছে। মূলধন হিসেবে ১২টি পাবলিক লিমিটেড কোম্পানিকে এই অর্থায়ন করা হয়েছে।
তবে আগের অর্থবছরের তুলনায় এর পরিমাণ কিছুটা কম। ২০১২-১৩ অর্থবছরে শেয়ারবাজার থেকে শিল্পায়নে এক হাজার ১৪৩ কোটি টাকা জোগান দেওয়া হয়েছিল।
বিভিন্ন কোম্পানি শিল্প সম্প্রসারণ ও ব্যবসায়িক প্রয়োজনে প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর মাধ্যমে শেয়ারবাজার থেকে এই পুঁজি সংগ্রহ করে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য অনুযায়ী, আইপিওর মাধ্যমে অর্থ সংগ্রহের পর ২০১৩-১৪ অর্থবছরে শেয়ারবাজারে ১২টি কোম্পানির লেনদেন শুরু হয়েছে। ২০১২-১৩ অর্থবছরে ১৫টি কোম্পানি শেয়ারবাজারে এসেছিল।
সাধারণত আইপিওর মাধ্যমে কোম্পানিগুলো যে অর্থ সংগ্রহ করে তার বড় অংশই শিল্পায়ন ও ব্যবসায়িক কাজে ব্যয় করা হয়। তবে যেসব কোম্পানি বাজার থেকে অর্থ সংগ্রহ করেছে মান বিবেচনায় সেসব কোম্পানির অনেকের অবস্থান বেশ নিচে। অর্থনীতিতে এসব কোম্পানির অবদানও খুব বেশি নয়।
বিশেষজ্ঞদের মতে, চাহিদার সুযোগে কিছু কোম্পানি নিজেদের আয় ও ব্যবসাকে ফুলিয়ে-ফাঁপিয়ে দেখিয়ে নানাভাবে বাজার থেকে অর্থ তুলে নিচ্ছে। একপর্যায়ে কোম্পানিগুলো লোকসানি প্রতিষ্ঠানে পরিণত হচ্ছে। আর এতে করে বিনিয়োগকারীদের বিনিয়োগ ঝুঁকিতে পড়ছে।
এ রকম একটি কোম্পানি হলো ফারইস্ট ফিন্যান্স। তালিকাভুক্তির এক বছর না পেরোতেই কোম্পানিটি দুর্বল বা জাঙ্ক শ্রেণি হিসেবে পরিচিত ‘জেড’ শ্রেিণভুক্ত হয়েছে। এমনকি অনেক কোম্পানি মিথ্যা তথ্য দিয়ে কিংবা তথ্য লুকিয়ে তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ডিএসইর পরিচালক শাকিল রিজভী প্রথম আলোকে বলেন, ‘গত এক-দেড় বছরে যেসব কোম্পানি বাজারে এসেছে তার বেশির ভাগই মানসম্মত নয়। তাই এসব কোম্পানির তালিকাভুক্তির মধ্য দিয়ে দীর্ঘমেয়াদে বাজার উপকৃত হবে বলে মনে হয় না। বরং কিছু কোম্পানি বাজারে এসেছে যেগুলোর অর্থ সংগ্রহের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন রয়েছে।’
শাকিল রিজভী আরও বলেন, ভালো কোম্পানি যদি বছরে পাঁচটি বা সাতটিও বাজারে আসে, দীর্ঘমেয়াদে সেটি বাজারের জন্য ভালো। তাই সংখ্যার বিবেচনার চেয়ে মানসম্মত কোম্পানি বাজারে আনার বিষয়ে গুরুত্ব দিতে হবে।
এদিকে দীর্ঘদিন ধরে শেয়ারবাজার তথা সেকেন্ডারি বাজারে মন্দাভাব বিরাজ করলেও প্রাথমিক বা আইপিও বাজারে কিছুটা গতি রয়েছে। এ কারণে কোম্পানিগুলোর আইপিওতে কয়েক গুণ বেশি আবেদন জমা পড়ছে। আইপিওতে আবেদন করে লাভ পাওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে আইপিও আবেদনের আগ্রহ বাড়ছে বলে বাজারসংশ্লিষ্ট ব্যক্তিদের অভিমত।
তবে সেকেন্ডারি বাজারে গতি না থাকলে ধীরে ধীরে আইপিও বাজারে চাহিদা কমে যেতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের।
বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বাণিজ্য অনুষদের প্রধান মোহাম্মদ মূসা বলেন, আইপিওর মাধ্যমে নতুন নতুন কোম্পানি বাজারে না এলে সেকেন্ডারি বাজারের গভীরতা বাড়বে না। আবার সেকেন্ডারি বাজার দীর্ঘদিন ধরে মন্দা থাকলেও প্রাথমিক বাজারেও তার নেতিবাচক প্রভাব পড়বে।
নতুন নতুন কোম্পানির আইপিও দীর্ঘমেয়াদে শেয়ারবাজারের জন্য ভালো ফল বয়ে আনলে সাময়িকভাবে তা সেকেন্ডারি বাজারের ওপর একধরনের নেতিবাচক চাপ তৈরি করছে বলে মত মোহাম্মদ মূসার। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে বাজারে আসা কিছু কোম্পানির আইপিও শেয়ারে বিনিয়োগকারীরা ভালোই মুনাফা করেছেন। এ কারণে সেকেন্ডারি বাজারের অনেকে বিনিয়োগ তুলে নিয়ে আইপিওতে বেশি বেশি আবেদন করছেন। এতে করে সাময়িকভাবে সেকেন্ডারি বাজারে চাপ তৈরি হচ্ছে।
আইপিও বাজারের চাহিদার কারণে কিছু মানহীন কোম্পানিও বাজারে তালিকাভুক্ত হওয়ার সুযোগ পাচ্ছে। এটিকে বাজারের জন্য খারাপ দিক বলে অভিহিত করেছেন িডন মোহাম্মদ মূসা। এ বিষয়ে নিয়ন্ত্রক সংস্থাকে আরও বেশি সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।