আইপিওর প্রিমিয়াম প্রত্যাহারের দাবিতে স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারের বর্তমান সংকটপূর্ণ অবস্থায় বেশ কিছু কোম্পানিকে উচ্চহারে প্রিমিয়ামসহ আইপিও অনুমোদন দিয়েছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। ফলে বাজারে দরপতন চলছে। এমন অভিযোগ এনে সম্প্রতি অনুমোদন দেওয়া কোম্পানিগুলোর প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওতে নির্ধারিত প্রিমিয়াম প্রত্যাহারের দাবিতে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসি) স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ। আজ বৃহস্পতিবার বিকেলে এসইসির চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দেওয়া হয়।বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি মিজান উর রশিদ চৌধুরী ও সাধারণ সম্পাদক কাজী আবদুর রাজ্জাকের স্বাক্ষরিত ওই স্মারকলিপিতে বলা হয়, ২০১০ সালের ডিসেম্বরে বাজারে মহাধস শুরু হয়, যার রেশ এখনো কাটেনি। এ অবস্থায় বাজারে তারল্যসংকট ও বিনিয়োগকারীদের মধ্যে আস্থার সংকট বিরাজ করছে। এর মধ্যেই এসইসি ওরিয়ন ফার্মা, আর্গন ডেনিমস, সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি, গ্লোবাল হেভি কেমিক্যালসহ বেশ কয়েকটি কোম্পানিকে উচ্চহারে অযৌক্তিক প্রিমিয়ামে আইপিও অনুমোদন দিয়েছে। এতে বাজারের সাধারণ বিনিয়োগকারীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। পাশাপাশি বাজার ব্যাপক তারল্যসংকটের মুখে পড়বে। তাই বাজারের ৩৩ লাখ বিনিয়োগকারীর স্বার্থে তাঁরা অনুমোদন দেওয়া কোম্পানিগুলোর প্রিমিয়াম প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলাসহ আইনের আশ্রয় নেওয়ার হুমকি দেওয়া হয় স্মারকলিপিতে।এ বিষয়ে বিনিয়োগকারী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কাজী আবদুর রাজ্জাক বলেন, ‘আমরা এসইসির চেয়ারম্যানের সঙ্গে দেখা করে সম্প্র্রতি আইপিওর অনুমোদন দেওয়া কোম্পানিগুলোর প্রিমিয়াম প্রত্যাহারের দাবি জানিয়েছি। একই সঙ্গে এ দাবিতে স্মারকলিপি দিয়েছি।’দাবি মানা না হলে আইনের আশ্রয় নেওয়ার বিষয়ও এসইসির চেয়ারম্যান খায়রুল হোসেনকে জানানো হয়েছে বলে জানান তিনি।