আইপিওর শেয়ারেও লোকসান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারে লেনদেন শুরুর দ্বিতীয় দিনে বিক্রয়মূল্যের নিচে নেমে গেছে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি সায়হাম কটন মিলসের শেয়ারের দাম। ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ১০ টাকা অধিমূল্য (প্রিমিয়াম) যোগ করে প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওতে কোম্পানিটির প্রতিটি শেয়ার বিক্রি করা হয় ২০ টাকায়। তবে গতকাল লেনদেনের দ্বিতীয় দিনে কোম্পানিটির প্রতিটি শেয়ারের সর্বনিম্ন বাজারমূল্য ছিল ১৮ টাকা ৫০ পয়সা। দিন শেষে অবশ্য তা বেড়ে হয়েছে ১৯ টাকা ৮০ পয়সা। সেই হিসাবে যেসব বিনিয়োগকারী আইপিওতে কোম্পানিটির শেয়ার বরাদ্দ পেয়েছেন, তাঁদেরও লোকসান গুনতে হচ্ছে। গত রোববার শেয়ারবাজারে কোম্পানিটির লেনদেন শুরু হয়।এদিকে আদালতের রায়ের পরও দেশের শেয়ারবাজারের দরপতন থামছে না। দেশের দুই স্টক এক্সচেঞ্জে গতকাল সোমবারও দরপতন হয়েছে। সেই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণও। রায়ের পর যাঁরা বলেছিলেন বাজারে ইতিবাচক প্রভাব পড়বে, তাঁরা এখন নিশ্চুপ হয়ে গেছেন। বাজার নিয়ে আর কোনো ধরনের মন্তব্য করতে রাজি হচ্ছেন না। তাঁদের অভিমত, বাজার তার নিজস্ব নিয়মেই গতি ফিরে পাবে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক গতকাল দিন শেষে ২১ পয়েন্ট কমে নেমে এসেছে প্রায় চার হাজার ২৬৭ পয়েন্টে। গত প্রায় চার মাসের মধ্যে এটাই ডিএসইর সাধারণ সূচকের সর্বনিম্ন অবস্থান। এর আগে সর্বশেষ গত ২২ ফেব্রুয়ারি ডিএসইর সাধারণ সূচক ছিল চার হাজার ২৪৬ পয়েন্টে।অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক এদিন প্রায় ২৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১২ হাজার ৯২৪ পয়েন্টে। দুই স্টক এক্সচেঞ্জে গতকাল লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ডিএসইতে ৫০ শতাংশের এবং সিএসইতে ৬৬ শতাংশেরই দাম কমেছে। বাজার-পরিস্থিতি সম্পর্কে আইডিএলসি ইনভেস্টমেন্টসের গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, ‘বড় ধরনের দরপতন দিয়ে গতকাল লেনদেন শুরু হলেও দিন শেষে পতনের এই গতি অনেকটা শ্লথ ছিল। তালিকাভুক্ত কোম্পানির পরিচালকদের ন্যূনতম শেয়ার ধারণের জন্য ছয় মাস সময় দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)। এ খবরে দুপুরের পর বাজার ঊর্ধ্বমুখী হয়।’ তবে সময় বাড়ানোর বিষয়ে বা উদ্যোক্তা-পরিচালকদের ন্যূনতম শেয়ার ধারণের বিষয়টি নিয়ে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা এসইসির পক্ষ থেকে এখনো কোনো ধরনের ঘোষণা দেওয়া হয়নি। এসইসির সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, এ ব্যাপারে শিগগিরই নিয়ন্ত্রক সংস্থা তার অবস্থান ব্যাখ্যা করবে। মূল্যসূচকের পতন দিয়েই গতকাল ঢাকার বাজারে লেনদেন শুরু হয়। লেনদেন শুরুর প্রথম ৩০ মিনিটের মধ্যেই সাধারণ সূচক আগের দিনের চেয়ে প্রায় ৭৪ পয়েন্ট কমে যায়। এরপর সূচক বাড়তে শুরু করে। একপর্যায়ে সূচক ইতিবাচক হলেও দিন শেষে তা আবার ঋণাত্মক অবস্থানে ফিরে যায়। ঢাকার বাজারে গতকাল ২৬০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে দাম বেড়েছে ১০৩টি কোম্পানির শেয়ারের, কমেছে ১৩০টির আর অপরিবর্তিত ছিল ২৭টির শেয়ারের দাম। দিন শেষে ডিএসইতে প্রায় ১৪৩ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে ৩১ কোটি টাকা কম। চট্টগ্রামের বাজারে এদিন ১৮৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১২২টি কোম্পানির শেয়ারের দাম কমেছে, বেড়েছে মাত্র ৪৮টির আর অপরিবর্তিত ছিল ১৪টির শেয়ারের দাম। দিন শেষে সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ২৩ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ২০ কোটি টাকা কম।