আইপিডিসি এখন থেকে আইপিডিসি ফিন্যান্স

নতুন নামে ও নতুন লক্ষ্য নিয়ে পুনর্যাত্রা শুরু করেছে দেশের আর্থিক খাতের প্রথম প্রতিষ্ঠান ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি বা আইপিডিসি। কোম্পানিটির নতুন নামকরণ করা হয়েছে আইপিডিসি ফিন্যান্স। এখন থেকে এ নামেই প্রতিষ্ঠানটি দেশজুড়ে তাদের আর্থিক সেবার আওতা বাড়াবে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ঢাকার র্যাডিসন হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে এ পুনর্যাত্রার উদ্বোধন করা হয়। সেই সঙ্গে উন্মোচন করা হয় নতুন লোগো। পুনর্যাত্রার স্লোগান দেওয়া হয়েছে ‘জাগো উচ্ছ্বাসে’। নতুন লোগো উন্মোচন করেন কানাডা থেকে আগত ১৯ বার গিনেস বুক অব রেকর্ডধারী বাবল শিল্পী ফ্যান ইয়াং।
পুনর্যাত্রার এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সম্মানিত অতিথি ছিলেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদ। স্বাগত বক্তব্য দেন আইপিডিসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোমিনুল ইসলাম। ধন্যবাদ জ্ঞাপন করেন প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ মুসা।
প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আইপিডিসির প্রতিষ্ঠাকালীন স্মৃতিচারণা করে বলেন, সে সময় প্রতিষ্ঠানটি ছিল সরকারের বিনিয়োগ-সহায়ক একটি পরীক্ষামূলক উদ্যোগ। যে উদ্দেশ্যে প্রতিষ্ঠানটি গঠন করা হয়েছে, সেটি অনেকাংশেই সফল হয়েছে।
অর্থমন্ত্রী আরও বলেন, ‘এখনো বেসরকারি খাতের বিনিয়োগ আমাদের কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছায়নি। তবে এ দেশের বেসরকারি খাত এখন বেশ শক্তিশালী ভিতের ওপর দাঁড়িয়ে গেছে। ২০১৬ সালটি এ দেশে বিনিয়োগ উপযোগী খুব ভালো একটি বছর ছিল। বছরটিতে বিনিয়োগ বাধাগ্রস্ত হয় এ রকম কোনো কর্মকাণ্ড ছিল না। তাই আশা করছি, আগামী বছর জাতীয় প্রবৃদ্ধিতে আমরা এর সুফল পাব।’
এ সময় মন্ত্রী আইপিডিসির সঙ্গে ব্র্যাক ও স্যার ফজলে হাসান আবেদ যুক্ত হওয়ায় ভূয়সী প্রশংসা করেন। ফজলে হাসান আবেদকে নতুন নতুন ও সফল প্রতিষ্ঠান সৃষ্টির কারিগর হিসেবেও অভিহিত করেন অর্থমন্ত্রী।
আইপিডিসির চেয়ারম্যান মোহাম্মদ মুসা বলেন, দেশের অর্থনীতির অগ্রযাত্রার সারথি হয়ে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিতে সহায়তা করতে চায় আইপিডিসি। এ জন্য অর্থায়নের ক্ষেত্রটিকে আরও বিস্তৃত করা হয়েছে।

আইপিডিসির এমডি ও সিইও মোমিনুল ইসলাম বলেন, দেশজুড়ে গ্রামেগঞ্জে সাধারণ ভোক্তা পর্যায়েও আইপিডিসি তাদের আর্থিক সেবার প্রসার ঘটাতে চায়। এ জন্য নতুন ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে পুনর্যাত্রা শুরু করেছে প্রতিষ্ঠানটি। যে পরিকল্পনার আওতায় ব্যবসার পরিধি বাড়াতে অর্থায়নের ক্ষেত্রটিকে আরও বিস্তৃত করা হচ্ছে।
বেসরকারি শিল্প খাতে ঋণ সহায়তা দিতে ১৯৮১ সালে যাত্রা শুরু করে আইপিডিসি। দীর্ঘ যাত্রার পর এখন এসে প্রতিষ্ঠানটি নতুন করে তাদের ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে। নতুন এ পরিকল্পনায় ব্যবসা সম্প্রসারণের জন্য প্রতিষ্ঠানটির নজর তরুণ উদ্যোক্তা শ্রেণি, নারী, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ (এসএমই), গৃহঋণ ও রিটেইল বা খুচরা পর্যায়ে অর্থায়নকে বেছে নেওয়া হয়েছে। পাশাপাশি শিল্প খাতেও ঋণ সহায়তা অব্যাহত রাখা হবে বলে জানিয়েছেন মোমিনুল ইসলাম।
এদিকে পুনর্যাত্রার আগে আইপিডিসির মালিকানায়ও পরিবর্তন এসেছে। গত বছর থেকে কোম্পানিটির মালিকানার সঙ্গে যুক্ত হয়েছে ব্র্যাক, আয়েশা আবেদ ফাউন্ডেশন ও আরএসএ ক্যাপিটাল। এ তিন প্রতিষ্ঠান মিলে আইপিডিসির ৪০ শতাংশ শেয়ার কিনে নিয়েছে।