আইপিডিসির অধিকাংশ কার্যক্রমই নারীকেন্দ্রিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
মমিনুল ইসলাম
মমিনুল ইসলাম

বেসরকারি খাতের প্রথম আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড। ১৯৮৩ সালে বেসরকারি খাতের ব্যাংকগুলো কার্যক্রম শুরু করলেও আইপিডিসির যাত্রা ১৯৮১ সালে। গত বছরের ডিসেম্বরে নতুন নামে ও লক্ষ্য নিয়ে পুনর্যাত্রা করে আইপিডিসি ফাইন্যান্স। এর মাধ্যমে আমানত ও ঋণ প্রায় দ্বিগুণ হয়ে গেছে। গ্রাহক আকর্ষণে অভূতপূর্ব সাফল্য পেয়েছে। নারী উদ্যোক্তা, তরুণ ও ভোক্তা ঋণে গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটির বড় অংশের শেয়ারের অংশীদার সরকার ও ব্র্যাক। এ নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন আইপিডিসি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মমিনুল ইসলাম। সাক্ষাৎকার নিয়েছেন সানাউল্লাহ সাকিব

প্রথম আলো: ২০১৬ সালের পুনর্যাত্রা করল আইপিডিসি ফাইন্যান্স। রি-ব্র্যান্ডিংয়ের পর কেমন পরিবর্তন এসেছে। আর্থিক সূচকে কতটা উন্নতি ঘটল? 

মমিনুল ইসলাম: ২০১৬ সালের ২০ ডিসেম্বর আমরা নতুন করে যাত্রা শুরু করি। এর বড় উদ্দেশ্য ছিল ব্যবসা পরিকল্পনায় বড় পরিবর্তন আনা। আমরা রিটেইল ও এসএমইতে বেশি গুরুত্ব দিয়েছি। বিশেষ করে নারীদের উন্নয়নের বিষয়টাকে, যেটা দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে আমরা আইপিডিসিকে দেশের অন্যতম একটি ব্যতিক্রমধর্মী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই। এ জন্য আমরা ব্যাংকের লোগো, লক্ষ্য-সবকিছুতেই ভিন্নতা এনেছি। যার সবকিছুতেই রয়েছে তরুণ ও নারীবান্ধব ফোকাস। আইপিডিসি সম্পর্কে এখন দেশের অধিকাংশ মানুষ জানে। কেননা আমরা বেশ কিছু উদ্ভাবনী কাজ করে যাচ্ছি। আমরা ব্যাপক সাড়াও পেয়েছি। আর্থিক খাতের মধ্যে সবচেয়ে দ্রুত উন্নতি হচ্ছে আমাদের। ২০১৬ সাল থেকে এ বছরের সেপ্টেম্বর পর্যন্ত আমাদের ঋণ ও আমানত বেড়েছে ৭৫ শতাংশ, নিয়মিত আয়ও বেড়েছে ৭৩ শতাংশ। আমাদের গ্রাহকসংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। বর্তমানে আমাদের গ্রাহকসংখ্যা ৪ হাজার ৩৬০। খেলাপি ঋণ দশমিক ৫০ শতাংশের কম, যা পুরো খাতের মধ্যে সর্বনিম্ন।
প্রথম আলো: নারীবান্ধব প্রতিষ্ঠান হিসেবে নারীদের জন্য বিশেষ কী সুবিধা দিচ্ছে আইপিডিসি?
মমিনুল ইসলাম: আইপিডিসির অধিকাংশ কার্যক্রমই নারীকেন্দ্রিক। ফ্ল্যাট নেওয়ার ক্ষেত্রে তা যদি কোনো নারীর নামে কেনা হয়, তাহলে গৃহঋণে আমরা একটা ভালো ছাড় দিই। অটো ঋণের ক্ষেত্রে নারীদের জন্য বিনা মূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ দেওয়া হয়। অনেক নারীরই ইচ্ছা থাকে যে, তিনি নিজে গাড়ি চালাবেন। তাই আমরা এই ব্যবস্থা করেছি। আমরা খুব শিগগির ৫০০ নারীকে ড্রাইভিং প্রশিক্ষণ দিতে যাচ্ছি, যাঁরা একটি অ্যাপসের মাধ্যমে বাইক চালাবেন এবং সেই বাইকের যাত্রীও হবেন নারীরা। এতে কর্মসংস্থানও হবে। আমাদের ইচ্ছা, আগামী তিন বছরে কমপক্ষে দুই হাজার নারীকে ড্রাইভিং প্রশিক্ষণ দেওয়া। পরে তাঁদের সাশ্রয়ী মূল্যে বাইক কিনতে সাহায্য করা হবে।
প্রথম আলো: কোন সেবাকে বেশি গুরুত্ব দিচ্ছে আইপিডিসি?
মমিনুল ইসলাম: প্রথম অগ্রাধিকার হলো, ২০২০ সালের মধ্যে কমপক্ষে ৫০ হাজার পরিবারকে নিজেদের স্বপ্নের বাড়ি নির্মাণে সহায়তা করা। এটা শুধু রাজধানীর মধ্যে সীমাবদ্ধ না রেখে জেলা শহরগুলোতে ছড়িয়ে দেওয়া। দেশের তরুণ উদ্যোক্তাদের সহায়তা করতে চাই। এ জন্য সরবরাহ ব্যবস্থাটাকে গুরুত্বের সঙ্গে দেখছি। আমরা নারীর ক্ষমতায়নে বিশ্বাসী। সে জন্য নারী উদ্যোক্তাদের জন্যও কাজ করে যাব।
প্রথম আলো: আর্থিক প্রতিষ্ঠানগুলো তো নিয়মিত আমানত নিতে পারে না। এরপরও আইপিডিসির আমানত প্রায় দ্বিগুণ বেড়েছে। মেয়াদি আমানতে কাদের থেকে বেশি সাড়া মিলছে?
মমিনুল ইসলাম: ব্যক্তি এবং প্রতিষ্ঠান উভয় খাত থেকেই সাড়া মিলছে। বিমা প্রতিষ্ঠান, বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান আসছে। কম পরিমাণ টাকা আমানত গ্রহণের সুযোগ রাখায় অনেক নারীও আসছেন। গত এক মাসেই আমানতের ক্ষেত্রে উল্লেখযোগ্য সাড়া পেয়েছি। ২০১৬ সালের ডিসেম্বরে আমানত ১ হাজার ৭১৭ কোটি টাকা থাকলেও গত সেপ্টেম্বরে তা বেড়ে ২ হাজার ৭৪৩ কোটি টাকা ছাড়িয়েছে।
প্রথম আলো: সেবা ছড়িয়ে দিতে তো বিভিন্ন জেলায় শাখার প্রয়োজন। আইপিডিসির তো সেই নেটওয়ার্ক নেই।
মমিনুল ইসলাম: ঢাকার বাইরে আমাদের ১২টি শাখা আছে। নিজস্ব শাখা অফিস ছাড়াও বিশ্বের সবচেয়ে বড় বেসরকারি প্রতিষ্ঠান ব্র্যাকের মাধ্যমে আর্থিক সেবা কার্যক্রম পরিচালনার পরিকল্পনা নিয়েছি। এ জন্য আমরা ব্র্যাকের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছি। দেশের প্রান্তিক অঞ্চলের জনগণকে আর্থিক সেবা কার্যক্রমের আওতায় আনার পরিকল্পনা রয়েছে আমাদের।
প্রথম আলো: আর্থিক খাতে দক্ষ জনবলের একটা বড় সংকট চলছে। এ ক্ষেত্রে আইপিডিসির অভিজ্ঞতা কেমন?
মমিনুল ইসলাম: আইপিডিসির পরিসর খুব দ্রুত বাড়ছে। এ জন্য জনবলও বাড়াতে হচ্ছে। বর্তমানে যারা আইপিডিসিতে কাজ করছেন, তারা প্রত্যেকে নিবেদিত এবং দক্ষ। এ রকম শক্তিশালী জনবল পাওয়া যেকোনো প্রতিষ্ঠানের জন্যই ইতিবাচক। ভালো কর্মীর খোঁজে আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে গিয়েছি, অভূতপূর্ব সাড়া পেয়েছি। আমরা সব সময় তারুণ্যকে প্রাধান্য দিয়ে থাকি।
প্রথম আলো: বর্তমানে বেশ কয়েকটি আর্থিক প্রতিষ্ঠানের অবস্থা খুবই নাজুক। গ্রাহকদের জমা টাকা ফেরত দেওয়ার সক্ষমতা হারিয়েছে অনেকেই, এর কারণ কী?
মমিনুল ইসলাম: যেকোনো প্রতিষ্ঠান পরিচালনায় স্বচ্ছতা খুবই জরুরি। তাহলেই সুফল হওয়া যায়। এই খাতে প্রতিদ্বন্দ্বিতার চেয়ে সহযোগিতাটাই বেশি জরুরি। যাঁদের অবস্থা নাজুক হয়েছে, তার মূল কারণ হলো পরিচালকেরাই প্রতিষ্ঠান পরিচালনা করেছেন। ঋণ কাকে দেওয়া হবে, তা নিয়মের ভিত্তিতে না হয়ে পরিচালকদের ইচ্ছাতেই হয়েছে। এ কারণে বেশ কয়েকটি প্রতিষ্ঠান সমস্যার মধ্যে পড়েছে। তবে এদিক থেকে আমরা খুবই ভালো অবস্থানে আছি। সব পেশাদার আমাদের পর্ষদে আছেন।
প্রথম আলো: আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কী?
মমিনুল ইসলাম: আমাদের পরিকল্পনা আছে নতুন বছরে আইপিডিসিকে সম্পূর্ণ ডিজিটাল করে সাজানোর। মার্কেটিংয়ের ক্ষেত্রেও বড় একটি পরিবর্তন আশা করছি। গ্রাহককে সেবা দিতে আমরা নতুন করে পরিকল্পনা করছি। এ ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার করা হবে।