আইবিএফবি ক্ষুদ্র উদ্যোক্তা পুরস্কার পেলেন ১৪ জন

স্বল্প পুঁজি নিয়ে নিজ নিজ ক্ষেত্রে ব্যবসা সফল হওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলের ১৪ জন ক্ষুদ্র উদ্যোক্তাকে পুরস্কৃত করেছে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি)। সাতটি শ্রেণিতে (ক্যাটাগরি) ‘সফল ক্ষুদ্র উদ্যোক্তা সম্মাননা পদক, ২০১৪’ শীর্ষক পদক দেওয়া হয় তাঁদের।
গতকাল রোববার রাজধানীর সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিদের হাতে পদক তুলে দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি ছিলেন।
এতে বিশেষ অতিথি ছিলেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন কে এম হাবিবুল্লাহ ও ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের কনসাল জেনারেল এলিজাবেথ গোল্ড। আইবিএফবি সভাপতি হাফিজুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদুল ইসলাম চৌধুরী, পিএইচপি গ্রুপের চেয়ারম্যান সুফী মিজানুর রহমান এবং দুই পদকপ্রাপ্ত উদ্যোক্তা মীর আল আমীন ও জি এম নূর ইসলাম বক্তব্য রাখেন।
অর্থমন্ত্রী বলেন, ‘শিল্পায়ন প্রচেষ্টা যেভাবে চলছে, সেটা নিয়ে আমরা গর্ববোধ করতে পারি। আমরা খুব খারাপ করিনি।’
ক্ষুদ্র বলে উদ্যোক্তারা অনেক সময় ব্যাংকের সহায়তা পান না বলে স্বীকার করেন অর্থমন্ত্রী। সহায়তা কীভাবে পেতে পারেন, তার কোনো নির্দেশনাও অবশ্য দেননি তিনি।
পদক পেলেন যাঁরা: কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ শ্রেণিতে বাগেরহাটের নূরজাহান এগ্রো প্রসেসিং ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনা পরিচালক মীর আল আমীন পদক পেয়েছেন। কৃষি উপকরণ ও কৃষি প্রযুক্তি শ্রেণিতে পদক পেলেন চারজন। তাঁরা হলেন সাতক্ষীরার বিনেরপোতার রনি এগ্রো ইঞ্জিনিয়ারিংয়ের স্বত্বাধিকারী জি এম নূর ইসলাম, জয়পুরহাটের পাঁচবিবির মেসার্স আবদুল হাকিম মণ্ডলের স্বত্বাধিকারী আবদুল হাকিম মণ্ডল, যশোরের অভয়নগরের সাউথ বেঙ্গল ফার্টিলাইজারের চেয়ারম্যান ফাইজুর রহমান এবং নওগাঁর নিয়ামতপুরের মেসার্স রেজাউল হাসানের স্বত্বাধিকারী রেজাউল হাসান।
হস্তশিল্প শ্রেণিতে পদক পাওয়া তিনজন হলেন যশোর সদরের রং হ্যান্ডিক্রাফটসের স্বত্বাধিকারী তনুজা রহমান, নওগাঁ সদরের সানন্দা বুটিক হাউসের স্বত্বাধিকারী লিপি সাহা এবং প্রভাতী বুটিক অ্যান্ড ফ্যাশন হাউসের স্বত্বাধিকারী পারভীন আক্তার।
মৎস্য ও পানিসম্পদ শ্রেণিতে তিন পদক পেয়েছেন খুলনার পাইকগাছার সবুজ মৎস্য খামারের স্বত্বাধিকারী ফসিয়ার রহমান, যশোরের চাচড়ার মেসার্স জান্নাতনেত্রী মা ফাতিমা ফিশ হ্যাচারির স্বত্বাধিকারী মোস্তফা খান ফিরোজ ও সিলেটের বিশ্বনাথের ড্রিম এগ্রোর স্বত্বাধিকারী বেলাল আহমদ ইমরান।
হালকা প্রকৌশল শিল্প শ্রেণিতে পদক পেয়েছেন যশোর সদরের মেসার্স রিপন মেটাল ইন্ডাস্ট্রিজের স্বত্বাধিকারী আশরাফুল ইসলাম এবং হালকা রাসায়নিক শিল্পশ্রেণিতে রংপুরের গঙ্গাচড়ার মেরিন কেমিক্যাল কোম্পানির স্বত্বাধিকারী শাহেদুল ইসলাম।
নার্সারি উন্নয়ন শ্রেণিতে পদক পেয়েছেন সিলেটের বিশ্বনাথের বাগানবাড়ি নার্সারির স্বত্বাধিকারী আকবর হোসেন।