আইসক্রিম উৎসব শুরু আজ
আইসক্রিমপ্রেমীদের চাহিদা মেটাতে রাজধানীতে আজ শুরু হচ্ছে চার দিনব্যাপী আইসক্রিম উৎসব। এ উৎসবে থাকছে ৭০০ টাকায় নিবন্ধন করে ইচ্ছামতো আইসক্রিম খাওয়ার সুযোগ। থাকছে আইসক্রিম খাওয়ার প্রতিযোগিতাও। পাশাপাশি উৎসব মাতাতে থাকছে খ্যাতনামা চার ব্যান্ডও।
ইগলুর উদ্যোগে রাজধানীর বসুন্ধরার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির গুলনক্সা হলে এ উৎসব চলবে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত। গতকাল মঙ্গলবার রাজধানীর লা ভিঞ্চি হোটেলে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ইগলু আইসক্রিমের প্রধান নির্বাহী কর্মকর্তা জি এম কামরুল হাসান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, উৎসবে শিশু, মহিলা ও যুবকদের জন্য তিনটি পৃথক জোন থাকছে। ১০ বছরের কম বয়সী শিশুরা ৩৫০ টাকায় ও এর বেশি বয়সীরা ৭০০ টাকায় নিবন্ধন করে উৎসবে প্রবেশ করতে পারবেন। উৎসবে নানা বৈচিত্র্যের ও স্বাদের আইসক্রিম ইচ্ছামতো খাওয়ার সুযোগ থাকছে। উৎসব উপলক্ষে থাকছে বিশেষ স্বাদের আইসক্রিমও। উৎসবে কিডস জোন, ফান ফটোগ্রাফি, মাসকটস, তাৎক্ষণিক ছবি প্রদর্শনী ও জাদু প্রদর্শনীর আয়োজন থাকবে। আইসক্রিমপ্রেমীদের জন্য আইসক্রিম খাওয়ার পাশাপাশি থাকছে দেশের নেমেসিস, জলের গান, চিরকুট ও ইন্দালোর সরাসরি অনুষ্ঠান উপভোগের সুযোগ।