আইসিএবি জাতীয় পুরস্কার পেয়েছে ২২ প্রতিষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দশম আইসিএবি জাতীয় পুরস্কার পেয়েছে দেশের ২২টি প্রতিষ্ঠান। ব্যাংক, অ-ব্যাংক, উৎপাদন, তথ্যপ্রযুক্তি ও বেসরকারি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের ২০০৯ সালে প্রকাশিত হিসাব ও প্রতিবেদনের ওপর ভিত্তি করে এই পুরস্কার দিয়েছে দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)।গতকাল রোববার সন্ধ্যায় এ পুরস্কার দেওয়া হয়। রাজধানীর শেরাটন হোটেলে আয়োজিত এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এতে আরও বক্তব্য দেন আইসিএবির সভাপতি জামালউদ্দিন আহমেদ, সহসভাপতি শাহজাহান মজুমদার, মূল্যায়ন কমিটির সভাপতি আবু সাঈদ খান প্রমুখ।অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, বিভিন্ন প্রতিষ্ঠান হিসাব প্রতিবেদন তৈরিতে বেশ ভালো করছে। যেখানে অর্থের বিষয় রয়েছে, সেখানেই এ ধরনের স্বচ্ছতা ও জবাবদিহি থাকা দরকার। জামালউদ্দিন আহমেদ জানান, ২০০১ সাল থেকে আইসিএবি এ ধরনের পুরস্কার প্রবর্তন করেছে। এতে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে আর্থিক প্রতিবেদনের মানোন্নয়নের চেষ্টা থাকে। তিনি জানান, আর্থিক প্রতিষ্ঠানের মান উন্নত হলে অধিক হারে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা সম্ভব। অর্থমন্ত্রী পুরস্কার পাওয়া প্রতিষ্ঠানগুলোর পক্ষে উপস্থিত প্রধান নির্বাহী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের হাতে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।পুরস্কারপ্রাপ্ত যারা: ব্যাংক ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে প্রাইম ব্যাংক (প্রথম), ইস্টার্ন ব্যাংক (দ্বিতীয়) ও ডাচ্-বাংলা ব্যাংক (তৃতীয়)। এ ছাড়া একই ক্যাটাগরিতে বিশেষ সম্মাননা পুরস্কার পেয়েছে প্রিমিয়ার ব্যাংক, ব্র্যাক ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক। অ-ব্যাংকিং (বিমা) ক্যাটাগরিতে গ্রীন ডেল্টা ও রিলায়েন্স ইন্স্যুরেন্সকে পুরস্কার দেওয়া হয়েছে। এ ছাড়া অ-ব্যাংকিং (আর্থিক প্রতিষ্ঠান) বিভাগে প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড প্রথম, আইডিএলসি দ্বিতীয় এবং লংকা-বাংলা ফাইন্যান্স তৃতীয় পুরস্কার পেয়েছে।উৎপাদন খাতে গ্লাক্সোস্মিথক্লাইন বাংলাদেশ লিমিটেড প্রথম হয়েছে। দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার পেয়েছে যথাক্রমে সিঙ্গার বাংলাদেশ লিমিটেড ও এসিআই লিমিটেড। যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি খাতে এ পুরস্কার পেয়েছে গ্রামীণফোন। এনজিও ক্যাটাগরিতে প্রথম হয়েছে ব্র্যাক, দ্বিতীয় সাজেদা ফাউন্ডেশন এবং তৃতীয় যৌথভাবে ব্যুরো বাংলাদেশ ও উদ্দীপন। সরকারি খাতের প্রতিষ্ঠানগুলোর মধ্যে অগ্রণী ব্যাংক এ পুরস্কার পেয়েছে। আর করপোরেট সুশাসন ক্যাটাগরিতে অগ্রণী ব্যাংক (সরকারি) ও প্রাইম ব্যাংক (বেসরকারি) পুরস্কৃত হয়েছে।