আইসিএবির নতুন নেতৃত্ব নির্বাচন

দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউনট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন আদিব হোসেন খান। প্রতিষ্ঠানের সহসভাপতি নির্বাচিত হয়েছেন মোদাচ্ছের আহমেদ সিদ্দিকি, মোস্তফা কামাল ও মো. মাহমুদ হোসেন। গতকাল শনিবার আইসিএবির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হওয়ার আগে প্রতিষ্ঠানের কাউন্সিল সভায় তাঁরা ২০১৭ সালের জন্য নির্বাচিত হন।
সভাপতি আদিব হোসেন খান বর্তমানে রহমান রহমান হক চার্টার্ড অ্যাকাউনট্যান্টসের জ্যেষ্ঠ অংশীদার, সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউনট্যান্টসের (সাফা) পেশাগত নীতি ও স্বাধীনতা কমিটির চেয়ারম্যান এবং ব্র্যাকের পর্ষদ সদস্য। তিনি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউনট্যান্টস অব ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসের ফেলো সদস্য। আদিব হোসেন এর আগে এমসিসিআইয়ের পর্ষদ সদস্য ও বাংলাদেশ বিমানের পরিচালক ছিলেন।
মোদাচ্ছের আহমেদ সিদ্দিকি বর্তমানে কেডিএস গ্রুপের গ্রুপ ফাইন্যান্সিয়াল অফিসার। এর আগে তিনি বিএসআরএমের প্রধান হিসাবরক্ষক, আরামিট লিমিটেড ও আরামিট সিমেন্টের কোম্পানি সচিব ছিলেন।
মোস্তফা কামাল বর্তমানে লঙ্কাবাংলা ফাইন্যান্সের কোম্পানি সচিব। তিনি যুক্তরাষ্ট্রভিত্তিক ইনফরমেশন সিস্টেম অডিট অ্যান্ড কন্ট্রোল অ্যাসোসিয়েশনের ঢাকা চ্যাপটারের সাবেক পরিচালক।
মো. মাহমুদ হোসেন এমএমএইচ অ্যান্ড কোম্পানি চার্টার্ড অ্যাকাউনট্যান্টস অ্যান্ড ম্যানেজমেন্ট কনসালট্যান্টসের স্বত্বাধিকারী। তিনি লিঙ্ক ইন লিমিটেডের চেয়ারম্যান এবং বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের আর্থিক ব্যবস্থাপনা পরামর্শক। বিজ্ঞপ্তি