২০১৩ সালের জন্য দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউনট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) সভাপতি নির্বাচিত হয়েছেন আবদুস সালাম। এ ছাড়া সহসভাপতি নির্বাচিত হয়েছেন শওকত হোসেন, মোহাম্মদ ফারুক ও গোপাল চন্দ্র ঘোষ। গতকাল শনিবার আইসিএবির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হওয়ার আগে নবনির্বাচিত কাউন্সিলররা প্রতিষ্ঠানটির সভাপতি ও সহসভাপতি নির্বাচন করেন। প্রসঙ্গত, আবদুস সালাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরে তিনি চার্টার্ড অ্যাকাউনট্যান্সি কোর্সে অধ্যয়ন করেন। ১৯৮৯ সালে তিনি আইসিএবির সহযোগী সদস্য ও ১৯৯৪ সালে ফেলো সদস্য হন। আইসিএবির সভাপতি নির্বাচিত হওয়ার আগে তিনি ২০১০ সাল থেকে প্রতিষ্ঠানটির সহসভাপতির দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি আর্টিসান-হকের অংশীদার। অন্যদিকে শওকত হোসেন হুদা ভাসি চৌধুরী অ্যান্ড কোং-এর আবাসিক পার্টনার। মোহাম্মদ ফারুক বর্তমানে হাওলাদার ইউনুছ অ্যান্ড কোং-এর ব্যবস্থাপনা অংশীদার। আর গোপাল চন্দ্র ঘোষ ভিয়েলাটেক্স গ্রুপের প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) পদে কর্মরত। বিজ্ঞপ্তি।