আইসিএমএবি পদক পেল ২৩টি প্রতিষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি খাতে ব্যবসা পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহি বজায় রাখা এবং ব্যবসায় সামাজিক দায়বদ্ধতা পালন করছে, এমন ২৩টি প্রতিষ্ঠানকে আইসিএমএবি পদক ২০১১ প্রদান করেছে ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)।ব্যাংকিং, আর্থিক প্রতিষ্ঠান, বিমা, ওষুধ শিল্পপ্রতিষ্ঠান ও টেলিযোগাযোগ—এই পাঁচ খাতে এসব পদক দেওয়া হয়। রাজধানীর একটি অভিজাত হোটেলে গত সোমবার সন্ধ্যায় এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে আইসিএমএবি।অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিজয়ী প্রতিষ্ঠানগুলোর জ্যেষ্ঠ কর্মকর্তাদের হাতে পদক তুলে দেন।অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে প্রাতিষ্ঠানিক সুশাসন খুবই গুরুত্বপূর্ণ। দেশের বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোতে সুশাসনের চর্চা হচ্ছে।অর্থমন্ত্রী আরও বলেন, সামাজিক দায়বদ্ধতা শুধু সরকারের একার নয়, ব্যবসা প্রতিষ্ঠানগুলোকেও তা পালন করতে হবে। ব্যবসায়ীদের দায়িত্ব হচ্ছে, সরকারের সহায়ক শক্তি হিসেবে সামাজিক দায়িত্ব পালন করা।অনুষ্ঠানে রাষ্ট্রীয় ব্যাংক বিভাগে জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক ও রূপালী ব্যাংক; বেসরকারি বাণিজ্যিক ব্যাংক বিভাগে প্রাইম ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, ইস্টার্ন ব্যাংক; বিদেশি ব্যাংক বিভাগে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, এইচএসবিসি ব্যাংক ও কমার্শিয়াল ব্যাংক অব সিলন; বেসরকারি বাণিজ্যিক ব্যাংক (ইসলামী ব্যাংকিং) ইসলামী ব্যাংক বাংলাদেশ, এক্সিম ব্যাংক ও শাহজালাল ইসলামী ব্যাংককে পদক দেওয়া হয়েছে।আর্থিক প্রতিষ্ঠান বিভাগে আইডিএলসি, লংকাবাংলা ফাইন্যান্স ও প্রাইম ফাইন্যান্স পদক পেয়েছে। বিমা খাতে গ্রিন ডেলটা, রিলায়েন্স ইনস্যুরেন্স ও পাইওনিয়ার ইনস্যুরেন্স পদক পেয়েছে।ওষুধশিল্প বিভাগে পদক পায় স্কয়ার ফার্মা, বেক্সিমকো ও গ্লাক্সোস্মিথক্লিন ফার্মাসিউটিক্যালস। সবগুলো বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয়—এই তিনটি পর্যায়ে পদক দেওয়া হলেও টেলিযোগাযোগ খাতে দুটি পর্যায়ে পদক দেওয়া হয়। পদক পায় গ্রামীণফোন ও ওরাসকম (বাংলালিংক)।পদক পাওয়াদের মধ্যে প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এম রিয়াজুল করিম, গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা টোরে জনসন এবং ইসলামী ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল মান্নান বক্তব্য দেন।আইসিএমএবির সভাপতি জহির উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আইসিএমএবির সচিব জসিম উদ্দিন আকন্দ, সাবেক সভাপতি ও পদক নির্বাচন কমিটির সভাপতি মোজাফফর আহমেদ প্রমুখ বক্তব্য দেন।