বিলুপ্ত ওরিয়েন্টাল ব্যাংকের আমানতকারীদের টাকা ফেরত দিতে আইসিবি ইসলামিক ব্যাংককে ২০২১ সাল পর্যন্ত সময় দিয়েছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ গতকাল বৃহস্পতিবার দ্য ওরিয়েন্টাল ব্যাংক লি. (পুনর্গঠন) স্কিম, ২০০৭ সংশোধন করে এ বিষয়ে একটি আদেশ জারি করেছে।
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বলেছে, বাংলাদেশ ব্যাংকের সুপারিশে এবং আইসিবি ইসলামিক ব্যাংকের আর্থিক অবস্থা বিবেচনায় নিয়ে আদেশটি জারি করা হয়।
আদেশের অনুলিপি গতকালই বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের কাছে পাঠানো হয়েছে। বাংলাদেশ ব্যাংকও এ বিষয়ে গতকাল আদেশ জারি করেছে।
অনিয়ম-দুর্নীতির কারণে গত বিএনপি-জামায়াত জোট সরকার আমলের শেষদিকে বড় ধরনের সংকটে পড়ে তৎকালীন ওরিয়েন্টাল ব্যাংক। বাংলাদেশ ব্যাংক পরে এতে প্রশাসক বসায়। কিন্তু তারল্যসংকটের কারণে ব্যাংকটি ওই সময় আমানতকারীদের টাকা দিতে পারছিল না।
সরকার পরে একদিকে আমানতকারীদের অর্থ ফেরত দিতে সাড়ে ৬ বছর সময় দিয়ে ২০০৭ সালে একটি স্কিম বা কর্মসূচি চালু করে, অন্যদিকে ব্যাংকটির বেশির ভাগ শেয়ার বিক্রির জন্য নিলাম ডাকে। নিলামে অংশ নিয়ে ওই শেয়ার কিনে নেয় আইসিবি ফাইন্যান্সিয়াল গ্রুপ এজি এবং ২০০৮ সালে আইসিবি ইসলামিক ব্যাংক নামে যাত্রা শুরু করে।
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের গতকালের সংশোধনী আদেশের পর ব্যাংকটি আমানতকারীদের টাকা পরিশোধের সময় পেল ২০২১ সালের ৪ মে পর্যন্ত অর্থাৎ অতিরিক্ত তিন বছর। টাকা পরিশোধে আগেও একবার সাড়ে তিন বছর বাড়িয়ে ২০১৮ সালের ৪ মে পর্যন্ত সময় দেওয়া হয়েছিল ব্যাংকটিকে।
পাঁচ লাখ থেকে এক কোটি টাকা পর্যন্ত আমানতকারীরা কত দিনের মধ্যে টাকা ফেরত পাবেন-আগের সংশোধন আদেশে তা উল্লেখ করা হয়েছিল। গতকালের আদেশে ২০ থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত পরিশোধের সময়সীমা দেওয়া হয়।