আইসিবি ইসলামিক ব্যাংকের নতুন সেবা ইজি-পে উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের আওতায় আইসিবি ইসলামিক ব্যাংকের নতুন সেবা আইসিবি আই ইজি-পে চালু করা হয়েছে।বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান প্রধান অতিথি হিসেবে গত বৃহস্পতিবার নতুন এ সেবার উদ্বোধন করেন। এ উপলক্ষে কেন্দ্রীয় ব্যাংকের সম্মেলনকক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে আইসিবি ইসলামিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মামুন মাহমুদ শাহ উপস্থিত ছিলেন। এ ছাড়া বাংলাদেশ ব্যাংক ও আইসিবি ইসলামিক ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।আইসিবি আই ইজি-পে হলো একটি ইলেকট্রনিক পদ্ধতিতে তহবিল স্থানান্তরের একটি সহজ, দ্রুত ও নিরাপদ পদ্ধতি, যেটির আওতায় ২৪ ঘণ্টার মধ্যে দেশের অভ্যন্তরে যেকোনো ব্যাংকের যেকোনো শাখায় অর্থ স্থানান্তর করা যায়। করপোরেট ও ব্যক্তি পর্যায়ের গ্রাহকেরা এই সেবার আওতায় স্বয়ংক্রিয়ভাবে মাসিক কিস্তি, ঋণ গ্রহণ বা পরিশোধ, টিউশন ফি, কর্মীদের বেতন, ক্লাব-সমিতির সদস্য ফি, ইউটিলিটি বা উপযোগ সেবার বিল ও করসংক্রান্ত বিভিন্ন লেনদেন সম্পন্ন করতে পারেন। উল্লেখ্য, ইলেকট্রনিক ব্যাংকিং কার্যক্রম সম্প্রসারণের অংশ হিসেবে আইসিবি ব্যাংক নতুন এই সেবা চালু করেছে।বিজ্ঞপ্তি।